ইন্ডিয়ান বস্তায় দেশি চাল, জরিমানা

সাতকানিয়া প্রতিনিধি | শুক্রবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:০৩ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় ইন্ডিয়ান বস্তায় দেশি চাল বিক্রি এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন করায় দুই দোকানদারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সাতকানিয়া পৌরসভা এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

জানা যায়, সাতকানিয়া পৌরসভা এলাকায় কিছু চালের দোকানদার ইন্ডিয়ান ও দেশীয় অনেক ব্র্যান্ডের নামযুক্ত বস্তায় করে নিম্নমানের চাল বিক্রি করে আসছিল। গতকাল পৌর এলাকার মেসার্স হাজী নুরুল ইসলাম সওদাগর নামের চালের দোকানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে অভিযান চালানো হয়।

এসময় ইন্ডিয়ান ও দেশীয় অনেক ব্র্যান্ডের নামযুক্ত বস্তায় চাল বিক্রি করে প্রতারণার দায়ে দোকান মালিক নুরুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া ক্যাফে ব্রিজ নামের একটি খাবারের দোকানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়াকরণ এবং পরিবেশনের দায়ে মালিক মো. ইসমাইলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ৯ মামলার আসামি কিলার মামুন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআট বছর পর ধর্ষণ ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার