ইতালি পাঠানোর নামে অর্ধকোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

| শুক্রবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:০৬ পূর্বাহ্ণ

ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে ১১ জনের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), চট্টগ্রাম মেট্রো। গত বুধবার ঢাকার কদমতলী থানাধীন শনির আখড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, চাঁদপুরের ফরিদগঞ্জের দুলাল দেওয়ান (৫৫) ও মাদারীপুর সদর উপজেলার মো. জামাল (৫০)। খবর বাংলানিউজের।

পিবিআই চট্টগ্রাম মেট্রো জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি মাসে ঢাকা মাতুয়াইলের বাসিন্দা মো. সাগরসহ ১১ জন ইতালি যাওয়ার জন্য বিভিন্ন আসামির সঙ্গে ১৮ থেকে ২০ লাখ টাকা করে চুক্তি করেন। চুক্তি অনুযায়ী কয়েকজন ভুক্তভোগীকে অগ্রিম টাকা দেন। অন্যদের কাছ থেকেও পৃথকভাবে প্রায় ২৮ লাখ টাকা নেওয়া হয়।

গত ৪ এপ্রিল ইতালিতে পাঠানোর কথা বলে ১১ ভুক্তভোগীকে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন একে খান এলাকার হোটেল মেরিন ও হোটেল রোজ ভিউতে রাখা হয়। দুই দিন পর বিকেল সাড়ে ৪টার দিকে তাদের মাইক্রোবাসে করে চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর ঘাটে নেওয়ার সময় হালিশহর থানার ওয়াপদা মোড় এলাকায় টহল পুলিশ গাড়িটি থামায়।

এ সময় আসামিরা ভুক্তভোগীদের কঙবাজার বেড়াতে নেওয়া হচ্ছে বলে জানালেও জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা মানবপাচারের বিষয়টি পুলিশকে জানান। পরে আবদুর রহমান নামে একজনকে নয়টি পাসপোর্টসহ গ্রেপ্তার করা হয়। তবে তানজিম হোসেন সাগর পালিয়ে যায়। এ ঘটনায় সাগরের লিখিত এজাহারে হালিশহর থানায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশে মামলা করা হয়। গত মে মাসে মামলাটির তদন্তভার পিবিআই চট্টগ্রাম মেট্রো গ্রহণ করে।

পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিট প্রধান পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের সদস্য। তারা ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল টাকা হাতিয়ে নেয়। পরে ভুক্তভোগীদের অবৈধভাবে সাগরপথে বিভিন্ন দেশে পাঠিয়ে সেখান থেকে লিবিয়াসহ বিভিন্ন স্থানে নিয়ে আটকে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাই উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হালিশহরে আটক
পরবর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে : মেয়র