ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্ব ও নান্দনিক উপস্থিতির কারণেও প্রায়ই ভক্তদের নজর কাড়েন তিনি। এবার শরতের আবেশ ছুঁতে না পারার আক্ষেপ যেন হুমায়ূন আহমেদের বইয়ের পাতায় মিশিয়ে দিলেন এই নায়িকা। খবর বাংলানিউজের।
সমপ্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেছেন পরীমণি। ছবিতে নীল রঙের শাড়িতে একেবারেই অন্যরকম মায়াবী রূপে ধরা দিয়েছেন তিনি। পরিপাটি করে বাঁধা খোঁপা, মুখে মৃদু হাসি আর চোখেমুখে শান্ত এক আবেশ–সব মিলিয়ে যেন শরতের নীল আকাশই নেমে এসেছে তার সাজে। তবে নান্দনিকতার আড়ালেই রয়েছে খানিকটা আক্ষেপ। হাতে হুমায়ূন আহমেদের লেখা ‘তন্দ্রাবিলাস’। কখনো বইটি বুকে জড়িয়ে, কখনোবা তার পাতা উল্টাতে উল্টাতে ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরেছেন পরীমণি। মনে হয়েছে, কাশবনের শুভ্রতা কিংবা শরতের আকাশ ছুঁতে না পারার অভিমানটুকু এবার বইয়ের পাতাতেই খুঁজে নিচ্ছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে সেই আক্ষেপের কথাই কাব্যিক ভঙ্গিতে লিখেছেন পরীমণি। তিনি লেখেন, না হলো যাওয়া আর কাশবনে, না হলো দেখা শরতের আকাশ। উপায় হলো তন্দ্রাবিলাস। পরীমণির পোস্টে মুগ্ধতা প্রকাশ করেছেন তার ভক্ত–অনুরাগীরা। নীল শাড়িতে নায়িকার মোহনীয় উপস্থিতির পাশাপাশি হুমায়ূন আহমেদের বইকে সঙ্গী করে নেওয়ার বিষয়টিও প্রশংসা কুড়িয়েছে।












