আলোকিত সমাজ গঠনে কোরআনের শিক্ষার কোনো বিকল্প নেই

হিফজুল কোরআন প্রতিযোগিতায় নগর জামায়াত আমির

| মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৮:০৫ পূর্বাহ্ণ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘পবিত্র কোরআনের আলো’র ১৯তম আসর। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলা পর্বের বাছাই অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার নগরীর মোল্লা মিসকিন শাহ (রহ.) মসজিদ চত্বরে এ বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী, চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়াতের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। কোরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি আদর্শ ও নৈতিকতাসম্পন্ন সমাজ গড়ে তোলা সম্ভব। আলোকিত সমাজ গঠনে কোরআনের শিক্ষার কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শে গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাবি কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ, অনুষ্ঠান প্রধান মাওলানা মুহিববুল্লাহ এবং বিচারক ছিলেন হাফেজ মাওলানা হেলাল উদ্দিন ও হাফেজ মাওলানা মিসবাহ উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসেন্টমার্টিনে ট্রলিং বোটসহ ২০ জেলে আটক, মাঝির কারাদণ্ড
পরবর্তী নিবন্ধটোকাই ও কিশোর গ্যাং ভাড়া করে নাশকতা চালানোর অপচেষ্টা চলছে