আমেরিকার মাটিতে জন্মেছেন যারা, তারা সকলেই নাগরিকত্ব পাওয়ার অধিকারী

ট্রাম্পের নির্দেশ সুপ্রিম কোর্টে খারিজ

| বুধবার , ১ জুলাই, ২০২৬ at ৫:০৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নির্বাহী আদেশ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত ৬৩ ভোটে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা করেছে। ফলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব পাওয়ার ১৫০ বছরের পুরোনো সাংবিধানিক অধিকার বহাল থাকল।

আদালত জানিয়েছে, এই সাংবিধানিক অধিকার নির্বাহী আদেশের মাধ্যমে পরিবর্তনযোগ্য নয়। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত ট্রাম্পের জন্য আরেকটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

এর আগে ট্রাম্প যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কোনো শিশুর বাবামায়ের কেউই মার্কিন নাগরিক বা বৈধ স্থায়ী বাসিন্দা না হলে তাদের সন্তানকে নাগরিক হিসেবে স্বীকৃতি না দেওয়ার নির্বাহী আদেশ দিয়েছিলেন। গত বছর দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরই অভিবাসন কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য একগুচ্ছ নীতির অংশ হিসেবে এই নির্বাহী আদেশ জারি করেছিলেন ট্রাম্প। তবে শুরু থেকেই এই আদেশের সাংবিধানিক বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছিল। অভিবাসন অধিকারকর্মী, আইন বিশেষজ্ঞ এবং কয়েকটি রাজ্য এই আদেশের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ জানায়।

তাদের দাবি ছিল, জন্মসূত্রে নাগরিকত্ব যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীর আওতায় সুরক্ষিত অধিকার, যা কেবল প্রেসিডেন্টের নির্বাহী আদেশ দিয়ে পরিবর্তন করা যায় না। ট্রাম্পের নির্বাহী আদেশটি খারিজ করে রায় দিয়েছিল যুক্তরাষ্ট্রের নিম্ন আদালত। এবার সুপ্রিম কোর্টও নিম্ন আদালতের নেওয়া সিদ্ধান্ত বহাল রাখল।

রায়ে প্রধান বিচারপতি জন রবার্টস লিখেছেন, তখনও যেমন, এখনও তেমননাগরিকত্ব মানে অধিকার ভোগ করার অধিকার; আমাদের রাজনৈতিক সমাজে স্বাধীনভাবে অংশগ্রহণের অধিকার। সংবিধানের চতুর্দশ সংশোধনী গৃহযুদ্ধের পর প্রণীত হয়েছিল, যাতে দাসরাসহ প্রত্যেকের জন্যই এই অধিকার নিশ্চিত করা যায়। আজ আমরা সেই প্রতিশ্রুতিই রাখলাম।

পূর্ববর্তী নিবন্ধসাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাদ দিয়ে সংশোধন বিল পাস
পরবর্তী নিবন্ধআইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের সামনে নরওয়ে