ফটিকছড়ির দুর্গম পাহাড়ে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আগ্নেয়াস্ত্র উদ্ধার ও ছয় সহযোগী গ্রেপ্তারের ঘটনায় পুলিশি অভিযান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উপহাস করেছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. রায়হান আলম ওরফে ‘শ্যূটার রায়হান’। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন এবং দেশীয় তৈরি অস্ত্র ব্যবহার করেন না বলে মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে রায়হান আলম লেখেন, ‘সত্যি বলতে অসহায় মানুষগুলো কারও না কারও প্রতিহিংসার শিকার। এরা না আমাকে চিনে, আমি না ওনাদের চিনি। শুধুমাত্র শাক দিয়ে মাছ ঢাকার জন্য এই কাজ। এরা হয়তো আওয়ামী লীগ আর না হয় বড় কোনো নেতার প্রতিপক্ষ। আর আমি এই রকম বাংলা মাল ব্যবহার করি না। বাংলা অস্ত্রে হাত ছিঁড়ে যায়। হুদাই কেন নিরীহ মানুষকে হয়রানি করতেছেন।’
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাসুদ আলম ফটিকছড়িতে টানা চার দিনের অভিযানের বিস্তারিত তুলে ধরেন।
পুলিশ জানায়, গত ২২ নভেম্বর থেকে ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় রায়হান ও তাঁর সহযোগীদের ধরতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি একটি ৭.৬৫ এমএম পিস্তল, একটি একনলা বন্দুক, ৩৪ রাউন্ড গুলি ও কার্তুজ এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় রায়হানের আশ্রয়দাতা ও সহযোগীসহ ছয়জনকে গ্রেপ্তার করা হলেও রায়হান পালিয়ে যেতে সক্ষম হন।
রায়হানের ফেসবুক পোস্টের বিষয়ে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও গ্রেপ্তার হওয়া সহযোগীদের দেওয়া তথ্যের ভিত্তিতেই হাজীরখিল কোদালিয়া টিলায় অস্ত্র তৈরির কারখানাটির সন্ধান পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতরাই স্বীকার করেছেন যে উদ্ধার হওয়া ইতালির তৈরি পিস্তলটি রায়হান নিজে ব্যবহার করতেন। তিনি আরো বলেন, রায়হান বিভ্রান্তি ছড়ানোর জন্যেই এসব পোস্ট ফেসবুকে দিচ্ছে।
উল্লেখ্য, হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে অন্তত ১৫টি মামলার আসামি রায়হান আলম দীর্ঘদিন ধরে আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এর আগে বুধবার অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে রায়হানের প্রায় ১০ মিনিটের একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।










