‘আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলুন’

রেফারীকে মেসি

| সোমবার , ১৩ জুলাই, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

সুইজারল্যান্ড ম্যাচে পর্তুগালের রেফারী জোয়াও পিনেইরোর কথা বলার ধরন পছন্দ হয়নি লিওনেল মেসির। মাঠেই তিনি আঙুল উঁচিয়ে কথা শুনিয়ে দেন রেফারিকে। এ বারের বিশ্বকাপে গতকালের ম্যাচেই প্রথম গোল পেলেন না মেসি। দ্বিতীয়ার্ধে সুইজারল্যান্ডের একটি ফ্রি কিককে কেন্দ্র করে বিরক্তবোধ করেন মেসি। আর্জেন্টিনার ফুটবলারদের তৈরি করা মানব দেওয়ালে ছিলেন মেসিও। সে সময় পর্তুগিজ রেফারি একটি নির্দেশ দেন। যা পছন্দ হয়নি মেসির। তিনি আপত্তি জানান। এর পর পিনেইরো কড়া ভাবে কিছু একটা বলার চেষ্টা করতেই মেজাজ নিয়ন্ত্রণ করতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক। সঙ্গে সঙ্গে তিনি আঙুল উঁচিয়ে রেফারিকে বলেন, ‘আমার সঙ্গে ঠিক ভাবে কথা বলুন। অসম্মান করে আমার সঙ্গে কথা বলবেন না। আমি আপনার সঙ্গে ঠিক করে কথা বলছি। আপনাকেও ঠিক ভাবে কথা বলতে হবে।’ মেসির ক্ষোভ দেখে আর কথা বাড়াননি রেফারি। এই ঘটনার ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ৩৮ বছরের পিনেইরো কড়া ধাঁচের রেফারি হিসাবেই পরিচিত। অতিরিক্ত কার্ড দেখানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

একাধিক বার বিতর্কেও জড়িয়েছেন। এ বারের বিশ্বকাপেই সুইজারল্যান্ড বনাম বসনিয়া ম্যাচে রেফারিং করেছিলেন পিনেইরো। সেই ম্যাচে বসনিয়ার তারিক মুহারেমোভিচকে লাল কার্ড দেখান। এর পর শেষ ষোলোয় কানাডা বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ পরিচালনা করেছেন তিনি। সেখানে অনেক শান্ত ছিলেন। মাত্র দু’টি হলুদ কার্ড দেখিয়েছিলেন। পিনেইরো সম্পর্কে খোঁজ খবর নিয়েই খেলতে নেমেছিলেন মেসিরা। তাঁকে সম্ভবত মাত্রাতিরিক্ত প্রভাব তৈরি করতে দিতে চাননি মেসি। তাই সুযোগ পেয়েই রোনালদোর দেশের রেফারিকে নিজের ওজন মনে করিয়ে দেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপ আমাকে বদলে দিয়েছে : আর্লিং হালান্ড
পরবর্তী নিবন্ধমেসির রেকর্ড গড়া অব্যাহত