মাত্র ২০ রিয়ালের বিরোধ নিয়ে রুমমেট এক মিশরীয় নাগরিকের ছুরিকাঘাতে নিহত হয়েছে পটিয়ার এক যুবক। নিহত পুলক নাথ (২৫) পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত মধুসূদন নাথের ছেলে। প্রায় চার বছর পূর্বে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন পুলক নাথ। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির মোছাফফা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পুলক নাথের বড় ভাই অলক নাথ জানান, এবার ছুটিতে আসার পর ছোট ভাইটি বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। আমরা দুই ভাই এক বোন। ভাইকে এভাবে হারাতে হবে কোনদিন স্বপ্নেও ভাবিনি। গত শনিবার রাতে মিশরীয় রুমমেটের ছুরিকাঘাতে ভাই নিহত হয়। মিশরীয় ওই নাগরিককে সে দেশের পুলিশ আটক করেছে বলে প্রবাসী বন্ধুদের মাধ্যমে জানতে পেরেছি। এদিকে পুলকের মৃত্যুর খবর শুনে বার বার কান্নায় ভেঙে পড়ছেন মা বালা দেবী।
জানা যায়, আগামী শুক্রবার দেশে ফেরার কথা ছিল পুলকের। এ নিয়ে পরিবার সদস্যদের মধ্যে বিরাজ করছিল আনন্দ উচ্ছ্বাস। কিন্তু তাকে বরণ করার বদলে তার নিথর দেহ বরণের মত কঠিন সময় পার করতে হচ্ছে পরিবারের সদস্যদের।
পরিবারের অভিযোগ, ২০ রিয়াল নিয়ে পুলক নাথের সঙ্গে তার রুমমেটের ঝগড়া হয়। একপর্যায়ে ওই বিরোধের জেরে রুমমেট তাকে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করে।












