সাম্প্রতি সময়ে রেলওয়েতে চুরির ঘটনা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেড়েছে। নিরাপদ ট্রেন চলাচলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যমে রেলপথের সিগন্যাল সরঞ্জাম থেকে শুরু করে রেললাইনের ক্লিপ–পয়েন্ট মেশিনের ক্যাবল, সিগন্যাল পোস্টের লেডার, সিগন্যাল আসপেক্ট, কন্ট্রোল বক্স চুরির ঘটনা দিনদিন বাড়ছে। শুধু রেলপথে এসব সরঞ্জাম চুরির পাশাপাশি ট্রেনের ভেতরেও চুরির ঘটনা ঘটছে। বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনগুলোতে যাত্রীসেবা আধুনিকায়নের লক্ষ্যে ওয়াই–ফাই সুবিধা চালু করা হলেও তা ভেস্তে যেতে বসেছে।
রেলওয়ের লোকোমাস্টার, গার্ড এবং টিটিইদের সাথে কথা বলে জানা যায়, ইতোমধ্যে বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেনগুলোতে যাত্রীসেবা আধুনিকায়নের লক্ষ্যে ওয়াই–ফাই সুবিধা চালু করেছে। আন্তঃনগর ট্রেনে ওয়াই–ফাই সুবিধা চালুর কয়েক মাসের মধ্যে ৪৫টির মতো ওয়াই–ফাই রাউটার চুরি হয়ে গেছে। রেলওয়ে পূর্বাঞ্চলে চলাচলরত বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেনের চালক ও গার্ড গত কয়েকদিন আগে আজাদীকে জানান, আন্তঃনগর ট্রেন গুলোতে যাত্রীরা যাতে নিরবচ্ছিন্ন অনলাইন সুবিধা পায় সে জন্য বিভিন্ন আন্তঃনগর ট্রেন ৬০টি ওয়াই–ফাই রাউটার বসানো হলে ইতোমধ্যে ৪৫টি রাউটার চুরি হয়ে গেছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ওয়াই–ফাই সেবা চালুর মাত্র কয়েক মাসের মাথায় একের পর এক রাউটার চুরির এই ঘটনা ঘটে। বগির সিলিং ও বিশেষ বঙ ভেঙে এসব মূল্যবান ডিভাইস নিয়ে গেছে দুর্বৃত্তরা। বিপুল অর্থ ব্যয়ে নেওয়া এই জনকল্যাণমূলক উদ্যোগ এভাবে রাষ্ট্রীয় সম্পদ চুরির কারণে ভেস্তে যাওয়ায় সাধারণ যাত্রী ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
চট্টগ্রাম স্টেশনে দায়িত্বরত রেলওয়ের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, আন্তঃনগর ট্রেনগুলোতে যাত্রীসেবা আধুনিকায়নের লক্ষ্যে ওয়াই–ফাই সুবিধা চালুর উদ্যোগ নিয়েছিলেন রেলওয়ে কর্তৃপক্ষ। কিন্তু রেলওয়ের এই সুন্দর উদ্যোগ শুরুতেই ভেস্তে যেতে বসেছে। প্রায় ট্রেনে বসানো ওয়াই–ফাই রাউটারের চুরি হয়ে গেছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন বিভাগের এক কর্মকর্তা জানান, রেলওয়ে পূর্বাঞ্চলের দুই বিভাগের বিভিন্ন স্টেশন ও সেকশন থেকে বিপুল পরিমাণ মূল্যবান সিগন্যাল সরঞ্জাম চুরির ফলে নিরাপদে ট্রেন চালানো অনেক সময় চরম ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে। আগে এই ধরনের চুরির ঘটনা তেমন ছিল না। অনেক ক্ষেত্রে সিগন্যালিংয়ের মূল্যবান ক্যাবল কেটে নিয়ে যাওয়ার ফলে সিগন্যালিং ব্যবস্থা অচল হয়ে পড়েছে। এতে স্বাভাবিক ট্রেন চলাচলে অনেক ক্ষেত্রে ব্যাঘাত ঘটছে বলে জানান প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী। বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশেষ করে মূল্যবান আধুনিক সংকেত ব্যবস্থার তামার ক্যাবল, পয়েন্ট মেশিনের ক্যাবল, সিগন্যাল পোস্টের লেডার, সিগন্যাল আসপেক্ট, কন্ট্রোল বঙসহ সরঞ্জাম নিয়মিত চুরি হচ্ছে।












