শরীরে আটটি গুলির ক্ষত ও পায়ে গুরুতর আঘাত নিয়ে আবারও লোকালয়ে চলে এসেছে অসুস্থ বন্যহাতিটি। গতকাল শনিবার সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় হাতিটিকে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় হাতিটি কয়েকটি বসতঘর ও সুপারিবাগানের ক্ষতি করে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, সকালে হাতিটি লোকালয়ে প্রবেশের খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ ভিড় জমাতে থাকেন। একপর্যায়ে হাতিটিকে তাড়ানোর চেষ্টা করেন কেউ কেউ। পরে বন বিভাগের কর্মী, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) ও স্থানীয় বাসিন্দারা মিলে হাতিটিকে বনের দিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। হাতিটি পাহাড়ের দিকে গেলেও পুরোপুরি বনে ফিরে যায়নি। এখনো বনের কাছাকাছি এলাকায় ঘোরাফেরা করছে এবং মাঝেমধ্যে লোকালয়ের দিকে চলে আসছে।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদুল আলম বলেন, সকালে হঠাৎ হাতিটিকে লোকালয়ে দেখে মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। হাতিটি বাগান ও বসতবাড়িতে ঘোরাফেরা করে কয়েকটি গাছ ও ঘরের ক্ষতি করে। পরে পাহাড়ের দিকে চলে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিরাপত্তাহীনতায় রয়েছেন। খবর বিডিনিউজের।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর টেকনাফের শিলখালী রেঞ্জের গর্জনবাগান এলাকার পাহাড়ে অসুস্থ অবস্থায় হাতিটির সন্ধান পাওয়া যায়। দুদিন চেষ্টার পর বন বিভাগ ও ডুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসক দল হাতিটির খোঁজ পায়। পরে বিশেষ ওষুধ প্রয়োগ করে হাতিটিকে অচেতন করা হয়। এরপর কয়েক ঘণ্টা ধরে চলে চিকিৎসা।
চিকিৎসার সময় হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত ও গুলির অংশ পাওয়া যায়। হাতিটির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। এর পেছনের ডান পায়ে গুরুতর আঘাত রয়েছে। এ কারণে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছে না। চিকিৎসার পর হাতিটি উঠে দাঁড়ালে তার পুরুষ সঙ্গীটি পাশে এসে দাঁড়ায়। পরে পুরুষ হাতিটিকে অনুসরণ করে ধীরে ধীরে বনের ভেতরে ফিরে যায় আহত হাতিটি। তবে চিকিৎসার পরও হাতিটির শারীরিক অবস্থার উন্নতি নিয়ে উদ্বেগ কাটেনি। এ কারণে পরবর্তী পাঁচ দিন ড্রোনের মাধ্যমে হাতিটির চলাচল ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেয় বন বিভাগ।
ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, চিকিৎসায় হাতিটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হতে পারে। তবে আঘাতের কারণে পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা কম।
বাহারছড়া শিলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তহিদুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ অসুস্থ হাতিটি আবারও লোকালয়ে চলে এসেছিল। এ সময় কয়েকটি বসতঘর ও সুপারিবাগানের ক্ষতি হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা স্থানীয়দের সহায়তায় হাতিটিকে লোকালয় থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। হাতিটির পায়ে গুলিবিদ্ধ হয়ে হাড়ের যে অংশে আঘাত লেগেছে, সেখানে এখনো ব্যথা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পেরে হাতিটি লোকালয়ে চলে আসছে।
তিনি আরও বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হাতিটিকে নজরদারিতে রাখা হয়েছে। প্রয়োজনে অন্য কোনো নিরাপদ স্থানে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা যায় কি না, তা বিবেচনা করা হচ্ছে। পরবর্তী চিকিৎসার বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।











