আজকের শিশুরাই আগামী দিনে পৃথিবীর রক্ষক

পমা পরিবেশ মেলায় চবি উপ-উপাচার্য

| মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

পরিবেশ মানবাধিকার আন্দোলনপমার উদ্যোগে গতকাল সোমবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ‘পমা পরিবেশ মেলা ’ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। পমার চেয়ারপারসন প্রফেসর হাসিনা জাকারিয়া বেলার সভাপতিত্বে ও আয়োজন উপকমিটির আহবায়ক অধ্যক্ষ বদরুল হাসান ও পারভীন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপউপাচার্য প্রফেসর ড. মো. আলআমীন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো. ইমাম হোসেইন এবং পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার পরিচালক মোহাম্মদ জমির উদ্দিন।

প্রধান অতিথি বলেন, পরিবেশ রক্ষা শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি আমাদের সবার নৈতিক দায়িত্ব। আজকের শিশুকিশোররাই আগামী দিনের পৃথিবীর রক্ষক। তাদের মধ্যে পরিবেশের প্রতি ভালোবাসা ও সচেতনতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, পরিবেশ মেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা নতুন প্রজন্মের হাতে একটি সবুজ ও সুন্দর পৃথিবীর স্বপ্ন তুলে দেওয়ার উদ্যোগ। তিনি অংশগ্রহণকারী সবাইকে ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে মো. ইমাম হোসেইন বলেন, শিশুদের মননে পরিবেশ সচেতনতার পাঠ গেঁথে দিতে পারলে তারা একদিন প্রাণপ্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় অনন্য ভূমিকা রাখতে পারবে। মো. জমির উদ্দিন বলেন, পরিবেশ সুরক্ষায় সবাইকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

স্বাগত বক্তব্য রাখেন মেলা উপকমিটির সদস্যসচিব মঈনুদ্দিন কাদের লাভলু। ধন্যবাদ দেন পমার নির্বাহী সভাপতি আমিনুর রশীদ কাদেরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাইফুদ্দিন আহমদ সাকী, মুহাম্মদ মুসা খান, অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান,নূর হোসেন নিজামী, এস এম সিরাজউদ্দৌলা, সুপ্রতিম বড়ুয়া, মো. ছায়েফ উল্লাহ, মহসিনুল কাদির, মোহাম্মদ দিদারুল আলম, আবুল কালাম, মোস্তফা কামাল, কাজী গোলাপ রহমান, নোমান উল্লাহ বাহার, তহসিন খান, মো. রোকন উদ্দিন, সাখাওয়াত সাকিল, রিফাত ফাতেমা তানসী, মহিউদ্দিন ইমন প্রমুখ। অনুষ্ঠানে ৪ টি স্কুলের শিক্ষার্থীরা পরিবেশ বিষয়ক প্রজেক্ট উপস্থাপন করে। এছাড়াও পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ৫০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইটিএফসির শীর্ষ প্রতিনিধিদলের সাথে সিটি ব্যাংকের বৈঠক
পরবর্তী নিবন্ধবিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সুফিদের মানবপ্রেমের বাণী ছড়িয়ে দেওয়ার আহ্বান