নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারকরণ ও নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে বর্জ্য ভ্যান এবং সিকিউরিটি চেক পোস্টের উদ্বোধন করেছেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন। গত বুধবার বেলা ১১টায় আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে আগ্রাবাদ সিডিএ রেসিডেন্সিয়াল এরিয়া ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (আকোয়া)। এতে উপস্থিত ছিলেন আকোয়ার উপদেষ্টা রওশন আরা চৌধুরী, সভাপতি মোস্তফা সরকার গুড্ডু, সংগঠনের সহ–সভাপতি ও সিডিএ’র বোর্ড মেম্বার স্থপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক খন্দকার বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক জিয়া হায়দার চৌধুরী তুহিন, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, সিডিএ আবাসিক এলাকায় ২৭টি রাস্তার মধ্যে ১১টির কাজ হয়েছে। বাকিগুলোর কাজ দ্রুত শুরু হবে। আপনারা (এলাকাবাসী) শুধু আমাদের সহযোগিতা করবেন।
আকোয়া নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে সিডিএ আবাসিক এলাকার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বাসিন্দাদের ভোগান্তি ছিল। নতুন বর্জ্য ভ্যান চালুর ফলে নিয়মিত ও সুশৃঙ্খলভাবে বর্জ্য অপসারণ করা সম্ভব হবে। এতে এলাকার পরিবেশ আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত হবে। এছাড়া সিকিউরিটি চেক পোস্ট চালুর মাধ্যমে এলাকায় প্রবেশ ও বাহির পথে নিরাপত্তা তদারকি আরও জোরদার হবে। এতে বাসিন্দারা নিরাপদ ও স্বস্তিতে চলাচল করতে পারবেন। অনুষ্ঠানে আকোয়ার নেতৃবৃন্দ, এলাকার বাসিন্দা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।











