
আকবর ৭ গ্রুপ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টে ‘জি’ গ্রুপের খেলায় কোয়ালিটি ক্রিকেট একাডেমি ৮ উইকেটের ব্যবধানে শাইনিং ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। ‘এফ’ গ্রুপের খেলায় বেসিক ক্রিকেট একাডেমি ১১৫ রানের ব্যবধানে উদীয়মান ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেঙ মাঠে দিনের প্রথম খেলায় টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নামে শাইনিং ক্রিকেট একাডেমি। নির্ধারিত ২০ ওভারে তারা ৮৩ রানে অলআউট হয়। দলের পক্ষে এম. আর. জিশান অপরাজিত ২৯, মুক্তার ১২, সাইফুল আলম ১১ এবং আসিফ মিয়া ১০ রান করেন। কোয়ালিটি ক্রিকেট একাডেমির ইনজামুল ১৮ রান দিয়ে ২টি উইকেট পান। এছাড়া আশরাফুল ইসলাম, মো. ইমতিয়াজ, ই. এইচ. তামিম এবং জুনায়েদ বিন মোস্তফা প্রত্যেকে ১টি করে উইকেট লাভ করেন। জবাবে কোয়ালিটি ক্রিকেট একাডেমি ১১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৬ রান তুলে জয় নিশ্চিত করে। দলের পক্ষে আজমাইন অপরাজিত ৪১, ই. এইচ. তামিম ২০ করেন। শাইনিং ক্রিকেট একাডেমির জাহেদুল এবং এম. আর. জিশান প্রত্যেকে ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা কোয়ালিটি ক্রিকেট একাডেমির ই. এইচ. তামিমের হাতে পুরস্কার তুলে দেন সাবেক জাতীয় খেলোয়াড় ও বিসিবি কাউন্সিলর শহিদুর রহমান। একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় টসে জিতে ব্যাটিং করতে নামে বেসিক ক্রিকেট একাডেমি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে অধিনায়ক শেখ রিয়েল করিম অপরাজিত ৭১ রান করেন। এছাড়া এস.এম তামিম ২২, নুরুল ২১ এবং দেবজয় চৌধুরী ১৩ রান করেন। উদীয়মান ক্রিকেট একাডেমির তৌসিফ রাফি ৩টি এবং তাজমিদ সাদমান ২টি উইকেট লাভ করেন। ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদীয়মান ক্রিকেট একাডেমি ১২.১ ওভারে মাত্র ৪৯ রানে অলআউট হয়ে যায়।
দলের পক্ষে কিয়াহলাথোই ১৫ করেন। আর কেউই দু’অংকের ঘরে যেতে পারেনি। বেসিক ক্রিকেট একাডেমির বোলার শেখ রিয়েল করিম ৩.১ ওভারে ৯ রান দিয়ে ৫টি উইকেট পান। এছাড়া মো. সিয়াম ২টি এবং ইসরাক ১টি উইকেট নেন। অপরাজিত ৭১ রান ও ৫ উইকেট পাওয়ার সুবাদে ম্যাচসেরা নির্বাচিত হন বেসিক ক্রিকেট একাডেমির শেখ রিয়েল করিম। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শহিদুল ইসলাম।












