নগরীর আকবর শাহ এলাকার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে কাগজপত্রবিহীন ৪টি স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় ২ যুবককে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাদেরকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল চট্টগ্রাম মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল–৮ এর বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জের বাসিন্দা মো. আরিফ এবং একই জেলার হাজীগঞ্জ থানার মো. রুবেল। রায় ঘোষণার সময় তারা কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন। আদালতসূত্র জানায়, ২০১৮ সালের ২৭ মার্চ নগরীর আকবর শাহ থানাধীন সিডিএ ১ নং রাস্তার মাথায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ওপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে মো. আরিফ ও মো. রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া প্রতিটি বারের ওজন ছিল ১১৬ দশমিক ৬৬ গ্রাম। সব মিলিয়ে স্বর্ণের মোট ওজন দাড়ায় ৪৬৬ দশমিক ৬৪ গ্রাম। এসব স্বর্ণের কোনো বৈধ কাগজপত্র তারা পুলিশের কাছে উপস্থাপন করতে পারেনি। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে আকবর শাহ থানার তৎকালীন উপ–পরিদর্শক (এসআই) মো. জাকের হোসেন বাদী হয়ে নিজ থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে চার্জশিট দাখিল করলে ২০২১ সালের ২১ সেপ্টেম্বর চার্জগঠন করে দুই আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন তৎকালীন বিচারক।












