মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলিসের (ইউনিম্যাপ) দুই সদস্যের একটি প্রতিনিধি দল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-তে কোলাবোরেশন ভিজিট করেছে। গতকাল শনিবার আইআইইউসি ক্যাম্পাসের এই ভিজিটে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা ও একাডেমিক সহযোগিতা সমপ্রসারণ নিয়ে মতবিনিময় হয়।
প্রতিনিধি দলে ছিলেন ইউনিম্যাপের সেন্টার ফর গ্র্যাজুয়েট স্টাডিজের ডেপুটি ডিরেক্টর অ্যাসোসিয়েট প্রফেসর ড. মোহাম্মদ আফেন্দি বিন রোজান এবং একাডেমিক ম্যানেজমেন্ট সেন্টারের পরিচালক অ্যাসোসিয়েট প্রফেসর স. ড. মুহাম্মদ জুহাইরি আজিজ সাফার। এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে আইআইইউসির ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার প্রদান করেন। এ সময় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা, শিক্ষক–শিক্ষার্থী বিনিময় এবং বিভিন্ন একাডেমিক কার্যক্রম সমপ্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। আইআইইউসির ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী তার মালয়েশিয়া সফরের চমৎকার অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলিস (ইউনিম্যাপ)-এর সঙ্গে এ ধরনের একাডেমিক যোগাযোগ আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সফরের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও সুদৃঢ় হবে এবং উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমরা বিশ্বাস করি। ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইআইইউসির প্রো–ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ হাসমত আলী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নেজামুদ্দীন, অর্থনীতি ও ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শরিফুল হক, গবেষণা ও প্রকাশনা কেন্দ্রর পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজিজুল হক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর মনিরুল ইসলাম এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান।
ইউনিম্যাপের সেন্টার ফর গ্র্যাজুয়েট স্টাডিজের ডেপুটি ডিরেক্টর অ্যাসোসিয়েট প্রফেসর ড. মোহাম্মদ আফেন্দি বিন রোজান এবং একাডেমিক ম্যানেজমেন্ট সেন্টারের পরিচালক অ্যাসোসিয়েট প্রফেসর স. ড. মুহাম্মদ জুহাইরি আজিজ সাফার তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আইআইইউসির আতিথেয়তায় তারা মুগ্ধ। অনুষ্ঠান শেষে মালয়েশিয়ায় পিএইচ.ডি ও মাস্টার্স করতে আগ্রহী তরুণ শিক্ষক–শিক্ষার্থী ও পোটেনশিয়াল ক্যাণ্ডিডেটদের সাথে মালয়েশিয়ার প্রতিনিধি দলের এক সভা অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি।













