দক্ষিণ রাউজানের বাগোয়ান ইউনিয়ন থেকে এক ছিনতাইকারীকে অস্ত্রসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। ছিনতাইকারীর নাম নিসাদ বড়ুয়া (৪৫)। সে পূর্ব গুজরা ইউনিয়নের নতুন বাজার এলাকার টিপু বড়ুয়ার ছেলে। তার কাছ থেকে একটি অস্ত্রসহ ছিনতাই করা এক লাখ বিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তার সাথে থাকা অন্যান্য ছিনতাইকারীরা এলাকাবাসীর ধাওয়ার মুখে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে একটি এনজিও সংস্থায় মাঠ পর্যায়ে কাজ করা শাহিন আকতার নামের এক নারী কর্মী কিস্তির টাকা সংগ্রহ করে কাপ্তাই সড়ক পথে ফিরতে গাড়িতে উঠতে যাচ্ছিল। এসময় একদল ছিনতাইকারী একটি সিএনজি টেঙিসহ তিনটি মোটরসাইকেল নিয়ে এসে তার উপর হামলে পড়ে। ছিনতাইকারীরা ওই নারীর হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিলে তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসে।
এলাকাবাসী ধাওয়া করলে ছিনতাইকারীরা যার যার মতো করে পালাতে থাকে। এসময় অস্ত্রধারী নিসাদ বড়ুয়াকে টাকার ব্যাগসহ ধরে ফেলে। ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজিসহ চালককেও আটক করা হয়। চুয়েট পুলিশ ক্যাম্প থেকে পুলিশ দল এসে তাদের নিয়ে যায়।
চুয়েট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হোসাইন ইবনে নাঈম ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, ছিনতাইকারী নিসাদ বড়ুয়াকে অস্ত্রসহ থানায় সোপর্দ করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। সিএনজি চালককে পুলিশ হেফাজতে রেখে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।












