অস্কারজয়ী অভিনেত্রী ইভা মারা গেছেন

| বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২৬ at ৬:০২ পূর্বাহ্ণ

অস্কারজয়ী হলিউড অভিনেত্রী ইভা মেরি সেইন্ট মারা গেছেন। মঙ্গলবার বার্ধক্যজনিত কারণে লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে তার মৃত্যু হয় তার। মৃত্যুর সময় অভিনেত্রীর বয়স হয়েছিল ১০২ বছর। তার পরিবারের থেকে জেফ স্যান্ডারসন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। খবর বাংলানিউজের।

১৯৫৪ সালে পরিচালক এলিয়া কাজান–এর অপরাধভিত্তিক সিনেমা ‘অন দ্য ওয়াটারফ্রন্ট’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় ইভা মেরি সেইন্টের। এতে মার্লন ব্র্যান্ডোর বিপরীতে এডি ডয়েলের চরিত্রে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন তিনি।

এরপর ১৯৫৯ সালে তার ক্যারিয়ারে আসে আরেক মাইলফলক। কিংবদন্তি নির্মাতা আলফ্রেড হিচককের ‘নর্থ বাই নর্থওয়েস্ট’ সিনেমায় ক্যারি গ্রান্টের বিপরীতে অভিনয় করেন তিনি। সিনেমাটিতে ইভা মেরি সেইন্টের চরিত্র ইভ কেন্ডাল ছিল রহস্যময় ও আকর্ষণীয় এক নারী, যিনি গল্পের নায়ককে বিপদের মধ্যে টেনে নেন।

এরপর পল নিউম্যানের সঙ্গে ‘এক্সোডাস’ এবং ওয়ারেন বিটির সঙ্গে ‘অল ফল ডাউন’–এর মতো সিনেমায় অভিনয় করেন তিনি। একসময় অভিনয় থেকে দূরে সরে পরিবারকে সময় দেন। পরিচালক জেফ্রি হেইডেনের সঙ্গে তার দাম্পত্য জীবন স্থায়ী হয়েছিল ৬৫ বছর।

দীর্ঘ বিরতির পর ২০০৬ সালে আবার বড় পর্দায় ফেরেন সেইন্ট। ‘সুপারম্যান রিটার্নস’ সিনেমায় সুপারম্যানের দত্তক মায়ের চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও পরিচিত হন তিনি। পরবর্তী সময়ে ‘উইন্টার্স টেল’ ও ‘ম্যারিয়েট ইন এক্সট্যাসি’তেও অভিনয় করেন।

ইভা মেরি সেইন্ট ছিলেন হলিউডের হলিউড ওয়াক অব ফেমে দুটি তারকার অধিকারী। মৃত্যুর আগ পর্যন্ত তিনিই ছিলেন সবচেয়ে বেশি বয়সি জীবিত অস্কারজয়ী অভিনেত্রী এবং হলিউডের স্বর্ণযুগের শেষ দিকের জীবিত তারকাদের একজন। অভিনেত্রীর স্বামী জেফ্রি হেইডেন ২০১৬ সালে মারা যান। তাদের দুই সন্তান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসম্মানসূচক ডক্টরেট উপাধি পেলেন মেসি
পরবর্তী নিবন্ধপূজায় আসছে ‘স্নেহের বন্ধন’