জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তার স্ত্রী অপু উকিলের বিরুদ্ধে আলাদা মামলা করেছে দুদক। এর মধ্যে নেত্রকোণা–৩ আসনের সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিলের বিরুদ্ধে ২ কোটি ৩২ লাখ ৪১ হাজার ৩২৩ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৫৬ লাখ ১৯ হাজার ৪৩৭ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। খবর বিডিনিউজের।
দুদকের এজাহার অনুযায়ী, অসীম কুমার উকিল তার সম্পদ বিবরণীতে ৭ কোটি ২০ লাখ ৩৫ হাজার ৩৩৩ টাকার সম্পদ দেখিয়েছিলেন। তবে যাচাইয়ে তার নামে ৭ কোটি ৭৬ লাখ ৫৪ হাজার ৭৭১ টাকার সম্পদ পাওয়া যায়।
দুদকের হিসাবে, তার গ্রহণযোগ্য আয় ৭ কোটি ৫২ লাখ ৫৮ হাজার ৯৯২ টাকা। এর বিপরীতে ব্যয় ২ কোটি ৮ লাখ ৪৫ হাজার ৫৪৪ টাকা। ব্যয় বাদ দেওয়ার পর সম্পদ অর্জনের বৈধ উৎস হিসেবে ৫ কোটি ৪৪ লাখ ১৩ হাজার ৪৪৮ টাকা পাওয়া যায়। ফলে তার ২ কোটি ৩২ লাখ ৪১ হাজার ৩২৩ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
অপরদিকে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অপু উকিলের বিরুদ্ধে ৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৩৮১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদকের হিসাবে, অপু উকিলের গ্রহণযোগ্য আয় ৪ কোটি ৩৬ লাখ ৯৯ হাজার ৯৪৬ টাকা। অথচ তার ব্যয় ৫ কোটি ৬৬ লাখ ৭ হাজার ৮৩১ টাকা। আয়ের চেয়ে ব্যয় ১ কোটি ২৯ লাখ ৭ হাজার ৮৮৫ টাকা বেশি। এই ঘাটতির সঙ্গে তার নামে থাকা ২ কোটি ৮ লাখ ৫৭ হাজার ৪৯৬ টাকার সম্পদ যোগ করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ নির্ধারণ করেছে দুদক।
এ ছাড়া অপু উকিলের বিরুদ্ধে স্বামী অসীম কুমার উকিলের সঙ্গে যোগসাজশে ১ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে।












