অভিমানে মায়ের কাছে চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

প্রত্যাশা ছিল জিপিএ ৫, পেল এ গ্রেড

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ১২ আগস্ট, ২০২৬ at ৬:০৭ পূর্বাহ্ণ

বাঁশখালী নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেয় প্রাচুর্য দাশ মুগ্ধ (১৬)। স্কুলের ‘ফার্স্ট বয়’ হিসেবে সে ধারণা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে সে পেয়েছে ‘এ’ গ্রেড। তার স্কুল থেকে জিপিএ৫ পেয়েছে ১৬ জন।

কাঙ্ক্ষিত রেজাল্ট করতে না পেরে অভিমানে মায়ের কাছে একটি চিঠি লিখে সেদিনই ঘর থেকে বের হয়ে চলে যায় মুগ্ধ। গতকাল পর্যন্ত তাকে কোথাও খুঁজে না পেয়ে তার পরিবারের পক্ষ থেকে কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মুগ্ধের মা দোদুল চাঁপা দে বাঁশখালী দক্ষিণ নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মাবাবার সাথে মুগ্ধ থাকেন কোতোয়ালী থানার পেছনে পাথরঘাটা মহিম দাশ রোড এলাকায়। একমাত্র সন্তান মুগ্ধ নিখোঁজ হওয়ার পর থেকে তার বাবামা অসুস্থ হয়ে পড়েছেন।

মুগ্ধর বাবা বিপ্লব দাশ জানান, মুগ্ধ স্কুলের ফার্স্ট বয় ছিল। দশম শ্রেণিতে ওঠার পর তাকে আমরা শহরে নিয়ে এসেছি ভালো ভাবে কোচিং করার জন্য। তার ধারণা ছিল সে জিপিএ ৫ পাবে। সোমবার সকালে সে গোপনে রেজাল্ট দেখে নেয়। রেজাল্টে সে ‘এ গ্রেড’ পায়। তার স্কুলের ১৬ জন জিপিএ ৫ পেয়েছে। ‘এ গ্রেড’ পাওয়াটা সে মেনে নিতে পারেনি। তার মার কাছে একটি চিঠি লিখে একটি ব্যাগ এবং কিছু বই নিয়ে বের হয়ে যায়। চিঠিতে তার মার কাছে লিখেছে ‘ মা তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার আশা পূরণ করতে পারিনি’। এরপর থেকে ছেলেকে আর কোথাও খুঁজে পাচ্ছি না বলে কান্নায় ভেঙে পড়েন মুগ্ধের বাবা বিপ্লব দাশ। তিনি বলেন, পুরো এলাকার সিসিটিভি ফুটেজ দেখেছি। ফুটেজে কোথাও তাকে দেখা যায়নি। থানায় ছেলের নিখোঁজ ডায়েরি করেছি।

পরিবারের পক্ষ থেকে মুগ্ধের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তাকে কোথাও দেখে থাকলে কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে ০১৮১৬০৯৫৬৮৮ ও ০১৮১২৩৭৭৬২৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগ্রাহকের ব্যাংক হিসাব থেকে যেভাবে ১ লাখ ৮০ হাজার নিয়ে গেল প্রতারক চক্র
পরবর্তী নিবন্ধসেই জাহাজ ও শিপিং এজেন্টকে ১ কোটি ১৫ লাখ টাকা জরিমানা