অপেক্ষার অবসান, লালখান বাজারে চালু হলো ফুটওভার ব্রিজ

প্রধানমন্ত্রীর নির্দেশনায় চট্টগ্রামের উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়িত হচ্ছে : মীর হেলাল

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

নগরীর ব্যস্ততম লালখান বাজার মোড়ে নবনির্মিত ফুটওভার ব্রিজটিকে চট্টগ্রামের সবচেয়ে দৃষ্টিনন্দন ও নিরাপদ ফুটওভার ব্রিজ হিসেবে উল্লেখ করে ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল নীতি হলো, কথা কম, কাজ বেশি। তাঁর নির্দেশনায় চট্টগ্রামের উন্নয়ন প্রকল্পগুলো অত্যন্ত দ্রুতগতিতে বাস্তবায়িত হচ্ছে।

গতকাল শনিবার সকালে ফুটওভার ব্রিজটি উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের কর্মতৎপরতার প্রশংসা করে তিনি বলেন, সিডিএ চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর থেকে চট্টগ্রামকে বদলে দিতে দিনরাত ছুটে বেড়াচ্ছেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বাস্তবায়নে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় এই ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়। নবনির্মিত ব্রিজটি চালুর মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, চট্টগ্রামের মানুষের প্রয়োজনে যেকোনো উন্নয়ন কর্মকাণ্ডের প্রস্তাব দিলে তিনি নিজ দায়িত্বে তা অনুমোদনের ব্যবস্থা করবেন। এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তি যদি দেশ ও রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র বা অরাজকতা করার চেষ্টা করে, তবে চট্টগ্রামে প্রশাসনের প্রয়োজন হবে না, দলের নেতাকর্মীরাই তা প্রতিহত করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, লালখান বাজার ও ইস্পাহানি মোড়ে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ ছিল এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। এই দাবিতে আজকের প্রধান অতিথির নেতৃত্বে এখানে মানববন্ধন হয়েছিল। অবশেষে সেতুটি চালুর মধ্য দিয়ে সেই দাবি পূরণ হলো।

আগামী ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী সিডিএর বাস্তবায়িত শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়ক, আউটার রিং রোড এবং কালুরঘাট থেকে চাক্তাই সংযোগ সড়ক উদ্বোধন করবেন বলে জানান সিডিএ চেয়ারম্যান। তিনি বলেন, এই মেগা প্রকল্পগুলো চালু হলে চট্টগ্রামের যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।

নগরবাসীকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিগত সাড়ে সতেরো বছর অনিয়মই ছিল নিয়ম। খাল–নালা দখল করে এবং জোর করে মার্কেট ও ভবন নির্মাণ করা হয়েছে। এই শহরকে পরিকল্পিত, সবুজ ও নান্দনিক করে গড়ে তুলতে হলে সবার সহযোগিতা প্রয়োজন এবং এসব অনিয়ম আর চলতে দেওয়া যাবে না।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অর্থে নির্মিত লালখান বাজার ফুটওভার ব্রিজটির দৈর্ঘ্য ১৩৭.৮ ফিট, সিঁড়িগুলোর প্রস্থ ৮ ফিট এবং এটি মূল সড়ক থেকে ১৮ ফিট উপরে। ফুটওভার ব্রিজটি নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ৮০ লক্ষ টাকা। পথচারীদের সুবিধার্থে ব্রিজের চারপাশে ওঠানামার জন্য চারটি প্রবেশ ও বের হওয়ার পথ রাখা হয়েছে।

নগরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কের সংযোগস্থল হওয়ায় লালখান বাজার মোড় দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও পথচারী চলাচল করেন। নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় ২০২২ সালের ১২ ডিসেম্বর মিনিবাসের ধাক্কায় স্কুলশিক্ষক ফারহানা ও তার মেয়ে সায়কা, ২০২৩ সালের ২৪ জানুয়ারি কারের ধাক্কায় এক তরুণী আহত হন। এসব দুর্ঘটনার পর নিরাপদ পারাপারের দাবি জোরালো হয়। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর লালখান বাজার ওয়ার্ডের বাসিন্দাদের উদ্যোগে ইস্পাহানি মোড়ে মানববন্ধন হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছিলেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সুধী সমাবেশে উপস্থিত ছিলেন সিডিএর সচিব নুর–এ জান্নাত রুমিসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম ও উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম।

পূর্ববর্তী নিবন্ধডায়াবেটিসমুক্ত থাকতে সক্রিয় জীবনযাপন প্রয়োজন : প্রশাসক
পরবর্তী নিবন্ধজাহাজ ভাড়ার কারণে কমেছে সেন্টমার্টিন ভ্রমণের আগ্রহ