সম্পর্কের অপূর্ণতার গল্প নিয়ে আবারও নতুন এক নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। নাটকের নাম ‘দূরের মানুষ’। এই জুটিকে নিয়ে একাধিক নাটক বানিয়েছেন নির্মাতা জাকারিয়া সৌখিন। গেল মাসে মুক্তি পেয়েছিল অপূর্ব–নীহার ‘ভালো আছো তো’ শিরোনামের নাটক। যা মুক্তির পর বেশ আলোচনা তৈরি করে। খবর বিডিনিউজের।
নির্মাতা সৌখিন জানিয়েছেন, আগামী ৩ ডিসেম্বর ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে এই নাটকটি প্রচার হবে। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ‘দূরের মানুষ’ নাটকের পোস্টার। ফেসবুকে একটি পোস্টার পোস্ট করে অপূর্ব লিখেছেন, ‘কিছু মানুষ সবসময়ই কাছের, দূরের হয় না কখনো। যত দূরেই যাক, তবুও থেকে যায় খুব যতনে মনের কোণে।’ নতুন এই নাটক নিয়ে অপূর্ব বলেন, ‘সৌখিনের অনেক নাটকে এর আগে অভিনয় করেছি। সবগুলো নাটকই বলা যায় দারুণ জনপ্রিয়তা পেয়েছে। আশা করছি, এবারের গল্পটিও সবার ভালো লাগবে।’
নীহা বলেন, ‘দূরের মানুষ’ নিয়ে আমি ভীষণ আশাবাদী। আশা করছি, এই নাটকটি দর্শকের মনে জায়গা করে নিবে।’ এর আগে ‘মন দুয়ারী’ ও ‘মেঘবালিকা’ নাটকে জাকারিয়া সৌখিনের পরিচালনায় কাজ করেছিলেন অপূর্ব ও নিহা।












