অনুভবে তুমি

হেলাল চৌধুরী | বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

নির্জনতার প্রান্ত ছুঁয়ে

যেখানে তোমার গায়ের মিষ্টি গন্ধ…

অগ্রহায়ণের বাতাসে ভেসে বেড়ায়,

আমি খুঁজে নেবো তোমায় প্রিয়,

আমি খুঁজে নেবো তোমায়।

শান্ত, শ্রান্ত দিঘির ধারে

শুকনো পাতা ঝরে যাবার বেলায়….

হিজলের তলায়, শ্যামল ছায়ায়।

আমি খুঁজে নেবো তোমায় প্রিয়,

আমি খুঁজে নেবো তোমায়।

যেখানে ভোরের ঘাসে শিশির হাসে।

রোদের লুটোপুটিতে

ঘাসফড়িঙের একাগ্র নিমগ্নতা।

ডানপিটে বুলবুলির বেয়ারা শিসে

যেখানে আড়মোড়া ভাঙে রক্তজবার।

সেখানে আমি খুঁজে নেবো তোমায় প্রিয়,

আমি খুঁজে নেবো তোমায়।

সূর্য ডুবে যাবার পর

প্রেয়সীর অভিমানী চোখের মতো…

যখন সন্ধ্যা নামে,

গরুর গাড়ির কর্কশ শব্দে

ঘোমটা টানে কোন শ্যাম কৃষাণী।

দোয়েল পাখির অস্থির উড়াউড়ি

আর পানকৌড়ির ডুব সাঁতারে…

আমি খুঁজে নেবো তোমায় প্রিয়,

আমি খুঁজে নেবো তোমায়।

পূর্ববর্তী নিবন্ধআসল মানুষ সেই
পরবর্তী নিবন্ধনিঃসঙ্গতা