চারিদিকে যা যা দেখি অচেনা যে লাগে
এমন পৃথিবী কেউ দেখিনি তো আগে!
দয়া মায়া ভালোবাসা ছিটেফোঁটা নেই
বিপরীতে হিংস্রতা চলেছে বেড়েই!
আতংকে কাটে দিন অনিশ্চিত সব
সন্ত্রাসের কত রূপ রাহাজানি মব!
নিরাপদে নেই কিছু ধন মন জন,
কার শিরে শনি নেমে আসে যে কখন!
জীবনের মূল্য কত? শূন্যেরও নিচে!
সৃষ্টির সেরা জীব পুরোটাই মিছে!
এত এত অনাচারে জমে ক্ষোভ ঘৃণা,
মানুষে পশুতে তফাৎ আদৌ আছে কি না?
সুড়ঙ্গে আলো নেই, শেষটাও কালো
কেউ কি বলবে কিসে আগামী দিন ভালো?
ঘুণে খাওয়া সমাজ বাইরে চিক চিক,
তলা ফেটে চৌচির শত ছিদ্র লিক!








