৭২ ঘণ্টার বেশি থাকতে পারবে না কোনো লাইটার বা কোস্টার জাহাজ

বন্দরের এলাকায় মজুতদারীর বিরুদ্ধে জিরো টলারেন্স

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ at ৭:২৫ পূর্বাহ্ণ

জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং বাজারে মূল্য স্থিতিশীল রাখতে চট্টগ্রাম বন্দর এলাকায় ৭২ ঘণ্টার বেশি কোনো পণ্যবাহী লাইটারেজ ও কোস্টারকে অবস্থান করতে না দেয়ার সিদ্ধান্ত কঠোরভাবে কার্যকরের উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল কোস্ট গার্ড, নৌবাহিনী, চট্টগ্রাম বন্দর এবং সমুদ্র পরিবহন অধিদপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। গতকাল বুধবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, যে কোনো ধরনের মজুতদারীর বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, বৈশ্বিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করতে বহির্নোঙরসহ চট্টগ্রাম বন্দর এলাকায় বিভিন্ন লাইটার জাহাজ ও কোস্টারে বিপুল পরিমাণ পণ্য অবৈধভাবে মজুত করে রেখেছে মর্মে গোপন সূত্রে খবর পেয়েছে। কোস্ট গার্ড সমন্বিতভাবে একটি অভিযানের উদ্যোগ নেয়। এরই প্রেক্ষিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, বাংলাদেশ নৌবাহিনী, নৌ পরিবহণ অধিদপ্তর এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে গতকাল দুপুর ১২টা থেকে বহির্নোঙরসহ বন্দরের এলাকায় অবস্থানকারী বিভিন্ন লাইটারেজ ও কোস্টার জাহাজে অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড জানায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কৃত্রিম সংকট প্রতিরোধে চট্টগ্রাম বন্দরসহ বহির্নোঙরে সার্বক্ষণিক নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একইসঙ্গে বন্দরের নির্দেশনা অনুযায়ী ৭২ ঘণ্টার বেশি কোনো লাইটার বা কোস্টার জাহাজকে নোঙর এলাকায় অবস্থান করতে না দেওয়া, জ্বালানি ও ভোজ্য তেলবাহী জাহাজ দ্রুত গন্তব্যে পাঠানো এবং আইন অমান্যকারী জাহাজের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

এ বিষয়ে ব্রিফিং প্রদান করেন কোস্ট গার্ড জাহাজ বিসিজিএস জয় বাংলার নেভিগেটিং কর্মকর্তা লেফটেন্যান্ট নাফিস ফুয়াদ বসনিয়া।

কোস্ট গার্ড আরও জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার উন্নয়নে ৪৩ ক্ষেত্র চিহ্নিত করে পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধডিজেল-বিদ্যুতের দুশ্চিন্তা মেটাল সোলার প্যানেল