প্রস্তুতি ম্যাচেই যেন অপ্রস্তুত হয়ে গেল টাইগাররা। তিন দিনের ম্যাচের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে যায় তারা। তাতে করে অস্ট্রেলিয়া সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচে হারল বাংলাদেশ। তিন দিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ও ৩৮ রানের হারের তিক্ত স্বাদ পায় টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৬৩ রানের জবাবে ৩৫৫ রানে অলআউট হয় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। প্রথম ইনিংসে ৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ১৯ রান করেছিল বাংলাদেশ। ৮ উইকেট হাতে নিয়ে ৭৩ রানে পিছিয়ে ছিল টাইগাররা। ডারউইনের মারার ওভালে তৃতীয় ও শেষ দিন খেলতে নেমে অস্ট্রেলিয়া একাদশের পেসার ক্যাম্পবেল থমসনের তোপে অসহায় আত্মসমর্পন করে বাংলাদেশের ব্যাটাররা। ২২ ওভারে ৫৪ রানে গুটিয়ে যায় টাইগাররা। ৩৫ রানে শেষ ৮ উইকেট হারায় বাংলাদেশ। আগের দিন সাদমান ইসলাম–মোমিনুল হক ৬ রানে আউট হলেও ৭ রানে অপরাজিত থাকেন ওপেনার তানজিদ হাসান। তৃতীয় দিন বড় ইনিংস খেলার চেষ্টা করে ২২ রানে বিদায় নেন তিনি। যা দলের হয়ে এই ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান। তানজিদ ছাড়া আরও কোন ব্যাটারই দুই অংকে পা রাখতে পারেনি। সৌম্য সরকার ৫, মুশফিকুর রহিম ২, উইকেটরক্ষক অমিত হাসান ৪, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শূন্য, মেহেদি হাসান মিরাজ ৬, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন শূন্য রানে আউট হন। ২ রানে অপরাজিত থাকেন হাসান মাহমুদ। পেসার ক্যাম্পবেল থমসন ১১ ওভার বল করে ২৫ রানে একাই ৮ উইকেট শিকার করেন। এছাড়া স্পিনার কোরি রকিচ্চলি ২ উইকেট নেন। প্রথম ইনিংসে ৮৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন রকিচ্চলি। ১৩ আগস্ট থেকে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে টাইগাররা। ২২ আগস্ট ম্যাকাইয়ে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।












