‘৫০ লাখ টাকা চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে মারধর’

সাংবাদিক পরিচয় দেয়া ব্যক্তি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৫১ পূর্বাহ্ণ

নগরীর খুলশী থানাধীন ডেবার পাড় এলাকায় এক ব্যবসায়ীকে ঘেরাও করে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক পরিচয় দেয়া এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। দাবি মোতাবেক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই ব্যবসায়ীকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করা আহমেদ কবিরকে গত শনিবার বিকালে লালখান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, নগরীর দক্ষিণ খুলশীর গরীবউল্ল্যাহ হাউজিং সোসাইটির ডেবার পাড় এলাকায় কেডিএস বিল্ডিংয়ের নিচতলার পার্কিং ফ্লোরে গত ১৮ ফেব্রুয়ারি সকালের দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোহাম্মদ সিরাজ মামলার এজাহারে অভিযোগ করেন, তিনি চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় জমি ক্রয়বিক্রয়ের ব্যবসার সঙ্গে জড়িত। পাশাপাশি তিনি নগরীর বিভিন্ন এলাকায় জায়গাজমি বিক্রিতে মধ্যস্থতাকারী হিসেবেও কাজ করেন। তার ব্যবসার অগ্রগতি দেখে অভিযুক্ত আহমেদ কবীর গত কয়েকমাস ধরে তার কাছে অর্থ দাবি করে আসছিলেন। ঝামেলা এড়াতে তিনি আগে কিছু টাকা দিলেও সমপ্রতি ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

এজাহারে বলা হয়, ঘটনার দিন বাসা থেকে ডেবারপাড় বাজারে যাওয়ার পথে কেডিএস বিল্ডিংয়ের পার্কিং এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা আহমেদ কবির আরো কয়েকজনকে সাথে নিয়ে তাকে ঘেরাও করে পথরোধ করে। তারা জানায়, চট্টগ্রাম শহরে ব্যবসা করতে হলে সাংবাদিক পরিচয়ধারী আহমেদ কবীরকে ৫০ লাখ টাকা দিতে হবে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে অভিযুক্তরা অতর্কিত হামলা চালায়। মারধরে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং নিচের ঠোঁট কেটে রক্তাক্ত হন। একপর্যায়ে আহমেদ কবীর তার গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করে এবং দাবিকৃত টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সাত দিনের মধ্যে টাকা না দিলে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে মামলায় উল্লেখ করা হয়। পরে আশপাশের লোকজনের সহায়তায় ভুক্তভোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। চিকিৎসা শেষে তিনি খুলশী থানায় মামলা দায়ের করেন।

খুলশী থানার ওসি জাহিদুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে প্রধান আসামি আহমেদ কবিরকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আহমেদ কবির নিজেকে সাংবাদিক পরিচয় দেন বলে পুলিশ জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় হাসপাতালের পিছনে ছাইয়ের স্তূপে নবজাতক
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত ১০, মামলা