সাফ অনূর্ধ্ব–১৯ নারী চ্যাম্পিয়নশিপে দারুণ পারফরম্যান্স ছিল বাংলাদেশের আলপি আক্তারের। ছিলেন সর্বোচ্চ গোলদাতা। এরপর সদ্য শেষ হওয়া নারী ফুটবল লিগেও ছিলেন অনবদ্য। ১০ ম্যাচে ২৯ গোল করে সবাইকে চমকে দিয়েছেন। আর একাধিক হ্যাটট্রিক তো আছেই। এমন পারফরম্যান্সের পর পিটার বাটলারের এশিয়ান কাপের দলে জায়গা করে নিয়ে দুই দিন ধরে অনুশীলনও করছেন পঞ্চগড়ের ফুটবল কন্যা। আলপির স্বপ্ন এখন আরও বড়। নারী ফুটবল লিগে অভিজ্ঞ তহুরা–শামসুন্নাহারদের ছাড়িয়ে আলপি সর্বোচ্চ গোলদাতা হবেন– তা ভাবনায় ছিল না। আলপি নিজেই বললেন, ‘শুরু থেকে ভাবি নাই যে সর্বোচ্চ গোলদাতা হতে পারবো। তবে আস্তে আস্তে ম্যাচগুলা খেলেছি যখন, আমার টিমমেটরা বুঝতে পেরেছে আমাকে দিয়ে স্কোর করালে সবার উপরে থাকতে পারবো। তাদের সাহায্যেই লিগ শেষে আমি টপ স্কোরার হয়েছি।’ বাটলার অনুশীলন শুরু করলেও দল ঘোষণা করেননি। তবে আলপি জাতীয় দলের হয়ে অনুশীলন করছেন। জানালেন, ‘আলহামদুলিল্লাহ। ভালো লাগছে।’ বিশ্ব ফুটবলে মেসি আর স্থানীয়দের মধ্যে সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমা তার প্রিয় ফুটবলার। আলপি আক্তার বললেন, ‘সাবিনা আপু, ঋতু আপু–তাদের খেলা অনেক ভালো লাগে। মেসির খেলা আমার অনেক ভালো লাগে ছোটবেলা থেকে। সামনে আমি আরও ভালো করতে চাই দেশের জন্য, নিজের জন্য, ফ্যামিলির জন্য। সবার জন্য আরও ভালো জায়গায় যেতে চাই।’












