মীরসরাই উপজেলার গুরুত্বপূর্ণ প্রাকৃতিক জলাধার বামনসুন্দর খাল। মহামায়া পাহাড়ি এলাকা থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত বিস্তৃত। আজ এই খালটির খনন কাজ উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু।
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সারা দেশে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। এ কর্মসূচির আওতায় চট্টগ্রাম জেলার নির্বাচিত মীরসরাই উপজেলার বামনসুন্দর খালের খনন কর্মসূচি উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মীরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার জানান, আজ সকাল ১১টায় বামনসুন্দর খালের জলদাশ পাড়া ব্রিজ, মলিয়াইশ, মিঠানালা অংশে খনন কাজের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
জানা যায়, মীরসরাই উপজেলার বামনসুন্দর খাল দুর্গাপুর, কাটাছড়া ও ইছাখালী ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এর মোট দৈর্ঘ্য প্রায় ২৪ কিলোমিটার। এই খালের আশেপাশে প্রায় ১৫ হাজার হেক্টর কৃষিজমি রয়েছে। খালটি খনন করা হলে নতুন করে অন্তত ৫ হাজার হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে এবং কৃষি ও মৎস্য খাতে বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খালটি পলি ও প্লাস্টিক বর্জ্যে ভরাট হয়ে গিয়েছিল, যা জলাবদ্ধতার কারণ হয়ে দাঁড়ায়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে খাল পুনরুদ্ধার ও পুনঃখনন কার্যক্রম জরুরি। নতুন সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে খাল পুনঃখনন কর্মসূচি শুরুতেই সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের সূচনা করা হচ্ছে। এর অংশ হিসেবে ১৬ মার্চ সারা দেশের ৫৪ জেলায় ৬৩টি খালে একযোগে খনন কার্যক্রম শুরু হবে। এই কর্মসূচির আওতায় চট্টগ্রামের মীরসরাই উপজেলার বামনসুন্দর খালেও খনন কার্যক্রম শুরু হবে। এই খাল খনন সম্পন্ন হলে অন্তত পাঁচ হাজার হেক্টর নতুন জমি চাষের আওতায় আসবে এবং কৃষি উৎপাদনও বাড়বে বলে আশা করা হচ্ছে। তিনি জানান, প্রাথমিকভাবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বামনসুন্দর খালের তিন কিলোমিটার অংশে খনন কার্যক্রম শুরু করা হবে।
তিনি বলেন, উক্ত খাল খননের পর পানি রিজার্ভ রেখে সেচ করা, খালে দেশীয় মাছের অভয়ারণ্য করা সহ খাল পরিষ্কার ও পুনঃখননের উদ্যোগ টেকসই করতে হলে খালে বর্জ্য ফেলা বন্ধ করতে হবে এবং খাল দখলমুক্ত রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। আর এতেই ফিরে পাবে খালটি তার প্রকৃত রূপ।












