২ নং বাস পুনরায় চালু করা হোক

| বুধবার , ৪ মার্চ, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শহর এলাকার ২নং বাস সার্ভিস দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। কী কারণে বন্ধ রয়েছে তা সাধারণের জানা নেই। এ বাসটি ২ নং গেইট থেকে মেডিকেল চকবাজার জামালখান আন্দরকিল্লা হয়ে নিউ মার্কেট পর্যন্ত চলাচল করতো। এ রোড়ে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যার কারণে শিক্ষার্থীরা বাসে চড়ে অল্প খরচে যাতায়াত করতে পারতো। কিন্তু বাস সার্ভিস বন্ধ থাকায় শিক্ষার্থীরা রিক্সা, ডিজেল চালিত টেম্পো যোগে যাতায়াত করায় প্রচুর টাকা ব্যয় হচ্ছে। এক সময় জামালখান এলাকায় ডাক্তার রোগীর আনাগোনা ছিল। বর্তমানে তাদের সাথে যুক্ত হয়েছে শিক্ষার্থীদের পদচারণা। শিক্ষক শিক্ষার্থী অভিভাবক চিকিৎসক চাকরিজীবীদের ব্যস্ততায় দিন রাত মুখরিত থাকে চকবাজার থেকে চেরাগি পাহাড় মোড় পর্যন্ত। নিয়মিত ক্লাস করা, পরীক্ষা দেওয়া, লাইব্রেরী ওয়ার্ক এবং শিক্ষা সামগ্রী কেনাকাটায় দিনের মধ্যে বেশ কয়েকবার আসা যাওয়া করতে হয়। যানবাহনে অতিরিক্ত টাকা ব্যয়ে অভিভাবকরা হিমশিম খাচ্ছে। তাই শিক্ষার্থীদের যাতায়াতে ব্যয় কমানোর জন্য এ রোড়ে সিএনজি চালিত বাস বা টেম্পো সার্ভিস চালু করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সুকান্ত দেবনাথ

নাসিরাবাদ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধজ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর : সাহিত্য শিল্প ও সংস্কৃতিতে স্মরণীয় ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধপড়াশোনা হোক মনের আনন্দে