১৬ গেট তিন ফুট খুলে ছাড়া হচ্ছে কাপ্তাই বাঁধের পানি

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ৩১ আগস্ট, ২০২৬ at ৭:২১ পূর্বাহ্ণ

কাপ্তাই হ্রদের পানির চাপ কমাতে এবার ৩ ফুট করে খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ের গেইট। গতকাল রোববার সকাল ১০টার দিকে চতুর্থ দফায় ৩ ফুট করে জলকপাট খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান।

বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক বলেন, ১৬টি স্পিলওয়ের গেট মোট ৩ ফুট করে খোলা হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। বর্তমানে কাপ্তাই লেকের পানির স্তর ১০৬ দশমিক ২২ ফুট রয়েছে। পানির স্তর আর বাড়ছে না, স্থিতিশীল রয়েছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ৮টা ২০ মিনিটে কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট প্রথমে ছয় ইঞ্চি খোলা হয় এবং রাত সাড়ে ১০টার দিকে তা আরও এক ফুট বাড়ানো হয়। এরপর গতকাল সকাল ৬টা ৪৫ মিনিটে গেটগুলো আরও এক ফুট বাড়িয়ে দুই ফুট এবং সবশেষ সকাল ১০টায় আরও এক ফুট বাড়িয়ে তিন ফুট পর্যন্ত খোলা হয়। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটির পাঁচটি ইউনিট থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধগার্মেন্টসকর্মী হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন