১০৭টি মোবাইল ফোন উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৮ অক্টোবর, ২০২৬ at ৭:৩৩ পূর্বাহ্ণ

হারানো ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার নগরের নাসিরাবাদে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃত মালিকদের হাতে মোবাইলগুলো তুলে দেন পুলিশ সুপার মো. মাসুদ আলম।

জানা গেছে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) চট্টগ্রাম হারানো মোবাইল ফোন উদ্ধারে বিশেষ অভিযান চালায়। অভিযানে চট্টগ্রাম জেলার ১৭টি থানায় দায়েরকৃত মোবাইল হারানো সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করা হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে পরিচালিত অনুসন্ধানের মাধ্যমে ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এদিকে হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রকৃত মালিকরা। তারা জেলা পুলিশের কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পুলিশের এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাসকে আরও সুদৃঢ় করেছে। পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, জনগণের সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ, হারানো মালামাল উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনমুখী পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের আস্থা অর্জনই পুলিশি সেবার মূল ভিত্তি। সেই লক্ষ্যে জননিরাপত্তা নিশ্চিতকরণ, হারানো সম্পদ উদ্ধার, অপরাধ প্রতিরোধ এবং প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে চট্টগ্রাম জেলা পুলিশ ভবিষ্যতেও একই নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবে।

পূর্ববর্তী নিবন্ধবুলিংমুক্ত শিক্ষাঙ্গন গড়তে ইস্পাহানি মাইটি চিপসের ‘ক্রাঞ্চ আউট বুলিং’
পরবর্তী নিবন্ধকমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ