হিমাগারে ১০ লাখ কেজি খেজুর মজুদ

সাতকানিয়ায় ম্যানেজারকে লাখ টাকা জরিমানা

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় একটি হিমাগারে প্রায় এক হাজার টন খেজুর মজুদের দায়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার খাগরিয়া এলাকার ‘বার আউলিয়া হিমাগার প্রাইভেট লিমিটেড’ এ অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খাগরিয়ার ওই হিমাগারে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় এক হাজার টন (১০ লাখ কেজি) খেজুরের বিশাল মজুদ পাওয়া যায়। কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে এভাবে পণ্য মজুদ রাখায় হিমাগারের ম্যানেজার মো. রমজান আলীকে তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে এসব খেজুর বাজারজাত করার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান জানান, মজুদকৃত খেজুরগুলোর প্রকৃত মালিক কারা এবং নির্দিষ্ট কী পরিমাণ পণ্য এখানে রাখা হয়েছে, তার সঠিক তথ্য দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তবে দণ্ডপ্রাপ্ত ম্যানেজার রমজান আলীর দাবি, ব্যবসায়ীরা এক মাস আগে থেকেই এখানে খেজুর রাখা শুরু করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত মোট ২৪ হাজার বস্তা খেজুর এসেছিল, যার মধ্যে ১৮ হাজার বস্তা ইতোমধ্যে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে হিমাগারে ৬ হাজার বস্তার মতো মজুদ আছে, যা দুএক দিনের মধ্যে ব্যবসায়ীরা নিয়ে যাবেন। আবার কয়েকদিনের মধ্যে আরো কিছু খেজুর আসার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআলোচনায় থেকেও বাদ পড়েছেন যারা
পরবর্তী নিবন্ধমায়ের মন্ত্রীদের মধ্যে যাদের নিজের সরকারে নিলেন তারেক