জুলাই আন্দোলনের সময় ঢাকার শেরেবাংলা নগর এলাকায় যুবদল নেতা হাফিজুর রহমান সুমন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। তবে ঘটনার সঙ্গে ‘সংশ্লিষ্টতা না পাওয়ায়’ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল–৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুসহ ৬৩ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের ইনভেস্টিগেশন শাখার পরিদর্শক মোহাম্মদ আতিকুর রহমান খাঁন গত ৩ ফেব্রুয়ারি আদালতে এ অভিযোগপত্র দেন। খবর বিডিনিউজের।
গতকাল সোমবার তিনি বলেন, শেখ হাসিনাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তবে ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না পাওয়ায় অব্যাহতির সুপারিশ করেছি। শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য ও সমপ্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, হারুন অর রশিদ বিশ্বাস, মানাম আহমেদ রাতুল, মো. রায়হান ওরফে রাহেল, আব্দুর রহমান রাসেল, শহিদুল ইসলাম ওরফে রানা ওরফে লম্বু রানা, সোহাগ ওরফে রানা, আসাদুজ্জামান নুর ওরফে আসাদ এবং টাডি রাজুকে অভিযোগপত্রে আসামি করা হয়েছে।










