দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সব মিলিয়ে এ বছর হামে মৃতের সংখ্যা পৌঁছেছে ১ হাজার ২০১ জনে। তাদের মধ্যে ১ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এর বাইরে আরো ১০৪ জনের মৃত্যু হয়েছে, যাদের দেহে হামের সংক্রমণ নমুনা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৯৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৯৩ জন। খবর বিডিনিউজের।
এছাড়া চট্টগ্রামে ১০১, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৪, বরিশালে ৬৫, খুলনায় ৫১ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জায়গায় এক হাজার ৩০৭ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। তাদের মধ্যে এক হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৩৫ জনের।
হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৫১ জন, চট্টগ্রামে ২৭৬, সিলেটে ১৩২, বরিশালে ১২০, খুলনায় ৭৩, ময়মনসিংহ ৬৯, রাজশাহীতে ৪৪ ও রংপুরে ১৪ জন।












