দেশে হামে আক্রান্ত হয়ে এবং ভাইরাসজনিত এ রোগের লক্ষণ নিয়ে গত এক দিনে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ২১ জন এবং হামের লক্ষণ নিয়ে ১২৮ জনের মৃত্যু হল।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকালে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরো ১২৩৬ জন হামের লক্ষণ নিয়ে চিকিৎসা নিতে গেছেন। এই সময়ে নমুনা পরীক্ষায় ২২৪ জনের হাম শনাক্ত হয়েছে। খবর বিডিনিউজের।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের লক্ষণ নিয়ে ৯ হাজার ৮৮৩ জন চিকিৎসা নিতে গেছেন। পরীক্ষার মাধ্যমে মোট ১৩৯৮ জনের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। দেশে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৯৪০ জন। আর হামের লক্ষণ নিয়ে ভর্তি হওয়ার পর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ১৬ জন। দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় গত শুক্রবার থেকে দেশের ৩০টি উপজেলায় হামের হটস্পট নির্ধারণ করে টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত এক দিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪৯৯ জন এবং রাজশাহী বিভাগে ২২৫ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে গেছেন। আর ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৮৬ জনের হাম শনাক্ত হয়েছে। হামের লক্ষণ নিয়ে গত এক দিনে যে দশ জনের মৃত্যু হয়েছে, তাদের আটজনই ঢাকা বিভাগের। আর তাদের মধ্যে ছয়জন ছিলেন ঢাকা জেলার। হামে আক্রান্ত হয়ে যে একজন মারা গেছেন, তিনিও ঢাকা বিভাগের। তবে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৫৮ জনের মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে। আর ঢাকা বিভাগে মারা গেছেন ৫১ জন।














