হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ীর মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ at ৭:৩৮ পূর্বাহ্ণ

হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ী নাসির উদ্দিন সওদাগর (৪৫) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গতকাল বুধবার সন্ধ্যার দিকে স্থানীয় বাসিন্দা পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নাসির উদ্দিন সওদাগর হাটহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ আজিমপাড়া এলাকার নজু মিয়া সারাং বাড়ির মরহুম গুরা মিয়া সওদাগরের পুত্র। তিনি তিন সন্তানের পিতা ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদের ২য় দিন হাটহাজারীরাঙামাটি মহাসড়কের কড়িয়ার দিঘী পাড় সংলগ্ন এলাকায় সড়কের পাশে দাড়িয়ে থাকা নাছির সওদাগরকে একটি বেপরোয়া গতির মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। অবশেষে দুর্ঘটনার প্রায় সতেরদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধবর্জ্য জঞ্জাল নয় ‘সম্পদ’
পরবর্তী নিবন্ধড. মইনু্ল ইসলামের কলাম