হাটহাজারী–অক্সিজেন সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় হাফেজ মোহাম্মদ সাকিব (২৪) নামে এক ওমান প্রবাসী তরুণ নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের মদনহাট এলাকার জামতলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের রফিকুল আলমের ছেলে। পরিবারের সদস্যরা জানান, দাদির মৃত্যুজনিত কারণে ১০ দিন আগে ওমান থেকে দেশে এসেছিলেন তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সাকিব তার মামাতো ভাই ইমরুল কায়েসের সঙ্গে মোটরসাইকেলে করে চট্টগ্রাম নগরে এক বন্ধুর বাসায় যাচ্ছিলেন। পথে মদনহাটের জামতল এলাকায় তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় সাকিব সড়কে ছিটকে পড়লে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।












