হাজী ইকবালের ছেলের ৫ বছর কারাদণ্ড

পতেঙ্গায় বিচারকের ওপর হামলা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৫১ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গায় বিচারকের ওপর হামলার মামলায় আলী আকবর ইকবালকে ৫ বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। উক্ত অর্থদণ্ড অনাদায়ে আসামিকে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই মামলায় আরেক আসামিকে খালাস দেয়া হয়। গতকাল মূখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদ এ রায় দেন।
দণ্ডিত আলী আকবর ইকবাল (৩০) বন্দর থানার বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা হাজী ইকবালের ছেলে। তাদের বিরুদ্ধে যুবলীগ কর্মী হত্যার মামলাও রয়েছে। মামলার অপর আসামি হাজী ইকবালের ছেলের সহযোগী হাসান আলী জিসানের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয়া হয়।
রায় ঘোষণার পর আকবরকে কারাগারে পাঠানো হয় বলে নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমদ জানিয়েছেন।
গত বছরের ২০ ডিসেম্বর বিকেলে পতেঙ্গা সমুদ্র সৈকতে উল্টো পথে মোটর সাইকেল চালানোর প্রতিবাদ করায় চট্টগ্রামের পঞ্চম যুগ্ম জেলা জজ জহির উদ্দিনের ওপর হামলা হয়।
সেই সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়, আলী আকবর ও হাসান আলী জিসান নামে দুই যুবক আউটার রিং রোডে উল্টো পথে মোটর সাইকেল চালিয়ে আসেন। এ সময় বিচারক ওই পথ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। মোটর সাইকেল বিচারকের গাড়ির সামনে পড়লে তিনি উল্টো পথে বেপরোয়া গাড়ি চালানোর বিষয়ে জানতে চান। তখন তারা ওই বিচারকের ওপর হামলা চালায়। এতে যুগ্ম জেলা জজ জহির উদ্দিন হাতে আঘাত পান। পরে সেখানে উপস্থিত লোকজন হামলাকারীদের আটক করে পুলিশে দেয়। পরদিন বিচারকের গাড়িচালক বাদী হয়ে আকবর ও জিসানকে আসামি করে মামলা করেন। পতেঙ্গা থানার এসআই মো. মহিউদ্দিন চৌধুরী তদন্ত শেষে আদালতে ১২ দিনের মধ্যে চার্জশিট দাখিল করেন। ৬ জানুয়ারি অভিযোগ গঠনের মধ্য দিয়ে দুই আসামির বিচার শুরু হয়।
মামলায় বিচারকসহ আটজনকে সাক্ষী করা হয়। সবার সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঘটনার এক মাস ২০ দিনের মধ্যে বৃহস্পতিবার মামলার রায় দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধাপরাধ : তিনজনের আমৃত্যু কারাদণ্ড
পরবর্তী নিবন্ধওয়াসার মোড়ে কাদের মির্জার গাড়িতে ঢিল