প্রথম দুই ম্যাচ হারের পর জুনিয়র পুরুষ হকি এশিয়া কাপে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–২০ দল। গতকাল পুল ‘বি’–তে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৪–২ গোলে হারিয়েছে কাজাখস্তানকে। চীনের হুলুনবুইর সিটিতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে গোল চারটি করেন যথাক্রমে–শিমুল ইসলাম, মেহেদী হাসান, তৈয়ব আলী ও মুন্না ইসলাম। নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে চীনের কাছে ৩–২ গোলে এবং মালয়েশিয়ার কাছে ৪–২ গোলে হেরেছিল বাংলাদেশ। ফলে ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে বাংলাদেশ। চার ম্যাচ খেলে এখনও পয়েন্টের দেখা পায়নি কাজাখস্তান। আজ গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এ নিয়ে নবমবারের মতো জুনিয়র এশিয়া কাপে খেলছে বাংলাদেশ।












