সড়কের পাশে চারটি গাছ কাটল দুর্বৃত্তরা, জব্দ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৩৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার পারুয়ারাণীরহাট ডিসি সড়কের পাশে থাকা চারটি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার বিকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কাটা গাছগুলো জব্দ করেছে বন বিভাগ। বন বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় সড়কের পাশের গাছগুলো কে বা কারা কেটে রেখে যায়। পরে বিষয়টি জানাজানি হলে ইছামতী রেঞ্জ অফিসের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছগুলো উদ্ধার করে জব্দ করেন। ইছামতী রেঞ্জ অফিস সূত্র জানায়, মোট চারটি মরা গাছ কাটা হয়েছে। ইছামতী রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলামকে কল করে পাওয়া যায়নি। রেঞ্জের অন্য একজন কর্মকর্তা বলেন, কারা গাছগুলো কেটেছে তা এখনো শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। অনুমতি ছাড়া এভাবে সড়কের পাশের গাছ কাটার সুযোগ নেই। আমরা গাছগুলো উদ্ধার করে হেফাজতে নিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধভারতে বহুতল থেকে লাফিয়ে ৩ বোনের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধএক্স একাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মী আটক