হাটহাজারীতে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সড়কে মৃত্যুর কারণ ও মৃত্যুরোধ করতে এই সভার আয়োজন করে। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। সভায় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, বিভিন্ন পরিবহন মালিক সমিতিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলায় সামপ্রতিক সড়ক দুর্ঘটনার কারণ ও ভবিষ্যত সতর্কতায় করণীয় বিষয়ে দীর্ঘ আলোচনায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে সংশ্লিষ্ট দফতরগুলো বিশেষ করে বিআরটিএ, সড়ক ও জনপদ বিভাগ, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ, স্বাস্থ্য বিভাগকে বিশেষ সতর্কতায় আরো জোরালো ভূমিকা পালনের অনুরোধ করা হয়েছে।














