সৎ মাকে কুপিয়ে মারল ছেলে

পারিবারিক বিরোধ

উখিয়া প্রতিনিধি | শনিবার , ৩ এপ্রিল, ২০২১ at ৬:৪৫ পূর্বাহ্ণ

উখিয়ায় সন্তানের বিরুদ্ধে ধারালো অস্ত্র দিয়ে সৎ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা গ্রামের আমিন পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম (৪০) ওই এলাকার হোসেন আহমেদের দ্বিতীয় স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ ও স্থানীয়রা জানান, হোসেন আহমেদের প্রথম পক্ষের ছেলের নাম মোহাম্মদ আলমগীর (২৫)। তার সঙ্গে সৎ মা আনোয়ারা বেগমের পারিবারিক কলহ ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের মধ্যে ঝগড়া হয়। এর জেরে শুক্রবার সকালে আবারও ঝগড়া বাঁধলে আলমগীর ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারাকে এলোপাতাড়ি কোপান। এতে ঘটনাস্থলেই আনোয়ারা নিহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে জানান ওসি।
ঘটনার পর থেকে মোহাম্মদ আলমগীর পলাতক রয়েছেন বলে জানান ওসি মোরশেদ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগণমাধ্যম সঠিক কাজ না করলে গণতান্ত্রিক সমাজ ক্ষতিগ্রস্ত হয়
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে মোটর সাইকেল আরোহী ব্যবসায়ী নিহত