সপ্ত রঙে তপ্ত আকাশ সাজলে রঙিন ফুলে
নিরবধি মনের নদী ছুটে নদীর কূলে।
মনের জমিন রঙিন হয়ে নিত্য করে খেলা
নীলাকাশে ভাসে তখন সৃষ্টি সুখের ভেলা।
ঢেউয়ের সাথে কেউবা এসে নাড়ায় দুটি হাত
করতে হিসেব খুলি আমি মনের ধারাপাত।
জীবনটাতো রঙের মেলা খেলায় ঝিলিমিল
কখনো বা আঁধার ঢাকা কখনো হয় বর্ণিল।
মনের আকাশ জুড়ে যখন স্বপ্ন ঘুরে ফিরে
রঙের ছটায় আলোক ছড়ায় অন্তপুরের নীড়ে।
স্থির থাকে না ধীর গতিতে মিলায় রঙের রেখা
বিশাল আকাশ হাহাকারে তখন ভীষণ একা।
রঙের আলোয় যখন ঢাকে মনের গহীন বন
ঠিক যেন এক আকাশ আমি তৃপ্ত সারাক্ষণ।
জীবন নামের এই নদীটির তীরে দাঁড়াই ভাবি
রঙের মাঝেই আছে যেন স্বপ্নালোকের চাবি।







