১.৭৫ ট্রিলিয়ন ডলারের রেকর্ড বাজারমূল্য নিয়ে শেয়ার বাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ইলন মাস্কের মহাকাশ কোম্পানি স্পেসএক্স। আর এই বিশাল সাম্রাজ্য গড়ার পেছনে রয়েছেন একজন নারী। দীর্ঘ ২৪ বছর ধরে নেপথ্যে থেকে মাস্কের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া ও পুরো কোম্পানির বাণিজ্যিক ভিত গড়ে তোলা সেই নারী এবার এসেছেন পাদপ্রদীপের আলোয়। শুক্রবার শেয়ার বাজারে তাদের আইপিও ছাড়ার প্রস্তুতি নিচ্ছে স্পেসএক্স। এর মধ্য দিয়ে রকেট প্রযুক্তি, স্যাটেলাইট যোগাযোগ ও মহাকাশ অভিযানে ইলন মাস্কের দুই দশকের উচ্চাভিলাষী যাত্রা নতুন মাইলফলকে পৌঁছাতে যাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট। এ পুরো যাত্রায় গুরুত্বপূর্ণ যে ব্যক্তি সবসময় নেপথ্যে থেকে কাজ পরিচালনা করেছেন তিনি হলেন কোম্পানির প্রেসিডেন্ট গুয়েন শটওয়েল। দীর্ঘ ২৪ বছর ধরে শটওয়েল তার প্রকৌশলী দক্ষতা ও বিচক্ষণ ব্যবসায়িক বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে স্পেসএক্সের ভিত গড়ে তুলতে ও এর বাণিজ্যিক প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সহকর্মীরা বলছেন, এ দীর্ঘ পথচলায় ৬২ বছর বয়সী শটওয়েল বিরল ও কঠিন এক দক্ষতা অর্জন করেছেন, আর তা হচ্ছে স্বয়ং মাস্ককে কার্যকরভাবে সামলানো। খবর বিডিনিউজের।
নিজের এ কাজের ধরনটিকে অবশ্য তিনি খুবই সহজভাবে দেখেন। এ বছরের শুরুতে ‘টাইম’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে শটওয়েল বলেছিলেন, তার মূল লক্ষ্য ‘ইলনের জন্য সহায়ক হওয়া’ ও ‘কোম্পানির অগ্রগতিতে অবদান রাখা’। তবে স্পেসএক্সের সাবেক কর্মকর্তা ও মহাকাশ শিল্প পর্যবেক্ষকদের চোখে শটওয়েল এ খাতের অন্যতম প্রধান চালিকাশক্তি। নিজেকে তিনি বিশ্বের অন্যতম ক্ষমতাধর নারী নির্বাহী হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করা শটওয়েল ক্যালিফোর্নিয়ার অ্যারোস্পেস কর্পোরেশনে তার কর্মজীবন শুরু করেছিলেন। পরবর্তীতে স্পেসএক্স প্রতিষ্ঠার বছর, অর্থাৎ ২০০২ সালে তিনি কোম্পানিটিতে যোগ দেন এবং খুব দ্রুতই এর বাণিজ্যিক ইঞ্জিনে পরিণত হন। স্পেসএক্সের রকেট সফলভাবে কক্ষপথে পৌঁছানোর আগেই তিনি বেশ কিছু রকেট উৎক্ষেপণের চুক্তি নিশ্চিত করেছিলেন, যা কোম্পানির গ্রহণযোগ্যতা পেতে বড় ভূমিকা রেখেছে। সবচেয়ে বড় সাফল্যটি আসে ২০০৮ সালে। এ সময় স্পেসএক্স আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রসদ সরবরাহের জন্য নাসার সঙ্গে ১৬০ কোটি ডলারের বড় চুক্তি স্বাক্ষর করেছে। ফ্যালকন ১ রকেটের উপর্যুপরি ব্যর্থতার কারণে কোম্পানিটি যখন তীব্র অর্থসংকটে ভুগছিল তখন এ চুক্তিটি স্পেসএক্সকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। এর পরপরই মাস্ক তাকে কোম্পানির প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার হিসাবে পদোন্নতি দিয়েছেন।












