স্কুলে নৈশপ্রহরী নিয়োগের নির্দেশনা লাইট ও ফ্যান সরবরাহের আশ্বাস

পিঙ্গলা নবীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি এনাম

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৫ এপ্রিল, ২০২৬ at ৮:০৯ পূর্বাহ্ণ

পটিয়ার কাশিয়াইশ ইউনিয়নের পিঙ্গলা নবীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দফায় দফায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত ২০১৮ সালের পর থেকে কয়েক দফায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হলেও থানায় সাধারণ ডায়েরি ছাড়া কাজের কাজ আর কিছু হয়নি। সর্বশেষ গত রমজানের বন্ধের পর ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন বিদ্যালয় খুললে দেখা যায় বিদ্যালয়ের আলমারি ভেঙে ১ টি এমপ্লিফায়ার, ২টি মাল্টিমিডিয়া প্রজেক্টর, ১টি ল্যাপটপ, ১টি প্রিন্টার, মোটরের তার ১০০ ফিট, ১টি স্পিকার চুরি হয়েছে। এছাড়াও শ্রেণী কক্ষে থাকা ১৫টি ফ্যান, ১৬টি লাইটসহ স্কুলে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়। বর্তমানে তীব্র গরম সহ্য করে স্কুলে শিশু শিক্ষার্থীরা ক্লাস করছে।

প্রধান শিক্ষক শিল্পী তালুকদার জানান, বিদ্যালয়ে কোনো নৈশপ্রহরী না থাকায় শ্রেণি কক্ষের দেওয়ালের ভ্যান্টিলেটর ভেঙে ভেতরে চোর প্রবেশ করে। গতকাল শনিবার বিকেলে স্কুল পরিদর্শন করেছেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। এসময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সরকারি বিধিমালা যথাযথভাবে অনুসরণে বিদ্যালয়ে নৈশপ্রহরী নিয়োগসহ সার্বিক নিরাপত্তা জোরদার করতে নির্দেশনা দেন। তীব্র গরমে যাতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত না হয় সেজন্য তিনি দ্রুত প্রয়োজনীয় লাইট ও ফ্যান সরবরাহের আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন, পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক জিয়া, উপজেলা যুবদল সদস্য সচিব ওহিদুল আলম চৌধুরী পিবলু, ছাত্রদল নেতা এস এম নয়ন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, স্কুলে চুরির ঘটনায় গত ২৯ মার্চ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিল্পী তালুকদার বাদী হয়ে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধগণসংহতি আন্দোলন দক্ষিণ জেলার বর্ধিত সভা
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে ডায়াগনস্টিক সেন্টারের কক্ষে যুবকের লাশ