সৌদি আরবে রোজা শুরু আজ

সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা

| বুধবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:০৮ পূর্বাহ্ণ

রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ বুধবার থেকে রোজা রাখা শুরু করবে সৌদি আরবসহ অধিকাংশ আরব দেশের মুসলমানরা। আরব নিউজ জানিয়েছে, সৌদি আরবের আকাশে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা গেছে। এরপর দেশটির সরকার আজ বুধবার থেকে রোজা পালনের সিদ্ধান্ত দিয়েছে। একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও আজ থেকে রোজা শুরু হবে বলে খালিজ টাইমস লিখেছে।

বাংলাদেশে রোজা শুরুর ব্যাপারে সিদ্ধান্ত জানা যাবে আজ বুধবার সন্ধ্যায়; এদিন বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ওই সিদ্ধান্ত হবে। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে রোজা ও ঈদ হয়ে থাকে।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে নতুন ধর্মমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক হবে। সেখানে চাঁদ দেখার খবর পর্যালোচনা করে রোজা শুরুর তারিখ নির্ধারণ করা হবে। দেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে ০২৪১০৫৩২৯৪, ০২২২৬৬৪০৫১০ ও ০২২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার ডিসি ও ইউএনওকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। খবর বিডিনিউজের।

আজ বুধবার চাঁদ দেখা গেলে আগামীকাল বৃহস্পতিবার থেকে বাংলাদেশে রমজান মাস গণনা শুরু হবে। মুসলমানরা আজ রাতে তারাবি নামাজ পড়ে শেষ রাতে সেহরি খেয়ে রোজা রাখবেন।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধশুল্কমুক্ত গাড়ি বা প্লট নেবেন না বিএনপির এমপিরা