রাফি স্মৃতি মহানগর অনূর্ধ্ব–১৮ জুনিয়র টি–টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনালে ওঠেছে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি (জেসিটিএ), ব্রাদার্স ক্রিকেট একাডেমি, বাদশা মিয়া স্মৃতি সংসদ ও শতাব্দী ক্রিকেট একাডেমি। গতকাল রোববার দুই ভেন্যুতে অনুষ্ঠিত ৪টি কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাদশা মিয়া স্মৃতি সংসদ ৫ উইকেটে সানরাইজ ক্রিকেট একাডেমিকে, শতাব্দী ক্রিকেট একাডেমি ৭ উইকেটে চিটাগাং ক্রিকেট একাডেমিকে, জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি ১৫ রানে মিলেনিয়াম ক্রিকেট একাডেমিকে এবং ব্রাদার্স ক্রিকেট একাডেমি ৬ উইকেটে ইস্পাহানি ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত দুটি খেলার প্রথমটিতে টস জয়ী জুনিয়র ট্রেনিং ক্রিকেট একাডেমি আগে ব্যাট করে ১৭ ওভারে ৮৯ রানে অলআউট হয়। জবাবে মিলেনিয়াম ক্রিকেট একাডেমির ইনিংস ২০ ওভারে ৯ উইকেটে ৭৪ রানে গিয়ে থামে। জুনিয়র ট্রেনিং ক্রিকেট একাডেমির ইনিংসে অর্জুন চৌধুরী ৪৩ ও তুষার শীলের ১৩ রান ছাড়া, বাকিদের রান ছিল এক অংকের। অতিরিক্ত হিসেবে আসে ১৩ রান। মিলেনিয়াম ক্রিকেট একাডেমির আব্দুল আহাদ ১০ রানে ৩টি ও তন্ময় সুত্রধর ১৫ রানে ২টি উইকেট নেন। মিলেনিয়াম ক্রিকেট একাডেমির হয়ে আব্দুল কাইয়ুমের ২৯ ও তন্ময় সুত্রধরের ২০ রান ছাড়া বাকিদের কেউই দু–অংকের রান করতে পারেননি। অতিরিক্ত হিসেবে আসে ৬ রান। জুনিয়র ট্রেনিং ক্রিকেট একাডেমির ইমরান হোসেন বাবু ৮ ও ইতনাম বিন নিজাম ২১ রানে ২টি করে উইকেট নেন। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ জয়ী দলের অর্জুন চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার সহ–সভাপতি ইবাদুল হক লুলু ।
একই মাঠে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় টস জয়ী ইস্পাহানি ক্রিকেট একাডেমি আগে ব্যাট করে ৯ উইকেটে ১০৯ রান করে। জবাবে ব্রাদার্স ক্রিকেট একাডেমি ১৮.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। তারা তোলে ১১০ রান। ইস্পাহানি ক্রিকেট একাডেমির ইনিংসে রিয়েল ৩ ও সাদমান ১৫ রান করে। অতিরিক্ত খাতে আসে ২৫ রান। ব্রাদার্স ক্রিকেট একাডেমির ইশতিয়াক আহমেদ জিসান ১৮ রানে ৩ উইকেট দখল করেন। ব্রাদার্স ক্রিকেট একাডেমির হয়ে জুনায়েদ হোসেন সর্বোচ্চ অপ: ৩৮ রান করেন। এছাড়া রাহুল দাস অপ: ২৬, আকিবুল ১৪ ও মোহাম্মদ হানিফ ১১ রান করেন। ইস্পাহানি ক্রিকেট একাডেমির ইশরাক উদ্দিন ভূইয়া ১৬ রানে ২ উইকেট নেন। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ জয়ী দলের জুনায়েদ হোসেনের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা’র এডহক কমিটির সদস্য ও ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান আলী তারেক পারভেজ।
বাকলিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় টস হারা সানরাইজ ক্রিকেট একাডেমি আগে ব্যাট করে ৮ উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে। জবাবে বাদশা মিয়া স্মৃতি সংসদ ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। তারা ১৪৪ রান সংগ্রহ করে। সানরাইজ ক্রিকেট একাডেমির হয়ে অধিনায়ক মানসিবুল ইসলাম ৬৯ ও আজমাইন ইকতাদিরের ২৬ রান ছাড়া বাকিদের কেউই দু–অংকের রান করতে পারেননি। অতিরিক্ত খাতে আসে ১৫ রান। বাদশা মিয়া স্মৃতি সংসদের সফল বোলার সাফায়েদ মোক্তাদির। তিনি মাত্র ১৪ রানে ৬ উইকেট দখল করেন। বাদশা মিয়া স্মৃতি সংসদের ইনিংসে ইমন চৌধুরী ৬৯, মারজুক আলম ২৪ ও ইকবাল হোসেন অপ:২১ রান করেন। অতিরিক্ত হিসেবে আসে ১১ রান। সানরাইজ ক্রিকেট একাডেমির হাবিবুল ইসলাম ৭ ও অর্ণব বড়ুয়া ২১ রানে ২টি করে উইকেট নেন। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ জয়ী দলের সাফায়েদ মোক্তাদিরের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান।
একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় টস জয়ী চিটাগাং ক্রিকেট একাডেমি আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে। জবাবে শতাব্দী ক্রিকেট একাডেমি ১৮.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। তারা তুলে ফেলে ১৬৩ রান। চিটাগাং ক্রিকেট একাডেমির হয়ে মাহির আহনাফ ৪৯, রাফি উদ্দিন ২০, আহনাফ ইসলাম ১৯ ও জাহিন আহমেদ ১৭ রান করেন। অতিরিক্ত খাতে আসে ২৫ রান। শতাব্দী ক্রিকেট একাডেমির মোহাম্মদ মিসবাহ ১১, প্রাঞ্জল দাস ১৪ ও অজয় মজুমদার ৩২ রানে প্রত্যেকে ২টি করে উইকেট নেন।
শতাব্দী ক্রিকেট একাডেমির ইনিংসে প্রাঞ্জল দাস সর্বোচ্চ ৬৪, মোহাম্মদ মিসবাহ অপ: ৬১ ও মোহাম্মদ শামীম ১৮ রান করেন। অতিরিক্ত খাতে আসে ১৫ রান। চিটাগাং ক্রিকেট একাডেমির আল দাইয়ান ওয়াসি ১৮, রাফি উদ্দিন ১৮ ও মোহাম্মদ মোবারক ২৭ রানে ১টি করে উইকেট নেন। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ জয়ী দলের মোহাম্মদ মিসবাহ’র হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান।










