সুষ্ঠু নির্বাচনের পথে সরকারই একমাত্র বাধা

বিএনপির প্রস্তুতি সভায় ডা. শাহাদাত

| বুধবার , ১৯ জুলাই, ২০২৩ at ১০:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী লীগ নেতারা এখন নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিদেশিদের বক্তব্যকে নিজেদের মতো করে অপব্যাখ্যা করে জনগণকে বিভ্রান্ত করছেন। সরকারের আশ্বাসের পরও বিদেশিরা কূটনৈতিক ভাষায় বাংলাদেশে নিরপেক্ষ, মুক্ত ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন। সরকারের আশ্বাসে তাদের বিশ্বাস নাই। সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের একমাত্র গ্যারান্টি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। সুষ্ঠু নির্বাচনের পথে আওয়ামী লীগ সরকারই একমাত্র বাধা। তিনি গতকাল মঙ্গলবার বিকালে কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দ্র ঘোষিত চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির বুধবারের (আজ) পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন বলেন, আগামী নির্বাচন সামনে রেখে সরকার ভয়াবহ পরিকল্পনা করছে। তারা ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রকে বেআইনিভাবে ব্যবহার করছে। মামলা হামলার মাধ্যমে বিরোধী দলের নেতাদের রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু এসব করে আন্দোলন বন্ধ করা যাবে না। মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, ১৯ জুলাই চট্টগ্রামের পদযাত্রায় সকল স্তরের নেতাকর্মীদেরকে অংশ নিতে হবে। এক দফার আন্দোলনে সকল কর্মসূচি সফল করতে প্রতি মুহূর্তে প্রস্তুত থাকতে হবে। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। বিএনপির একদফার আন্দোলনে আওয়ামী লীগকে চলে যেতেই হবে। মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলামের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সি. যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এড. আবদুস সাত্তার, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, জয়নাল আবেদীন জিয়া, হারুন জামান, আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লাহ, মোশাররফ হোসেন দিপ্তী, এইচ এম রাশেদ খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৬ চোরাই মোটর সাইকেলসহ আটক ৩
পরবর্তী নিবন্ধরাউজান সাংবাদিক পরিষদের অভিষেক ও সংবর্ধনা আজ