সীতাকুণ্ডে এক হাজার লিটার চোরাই ডিজেলসহ চোরাই চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। এই সময় পরিবহন কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। গতকাল সোমবার ভোররাতে পিছু ধাওয়া করে উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সলিমপুর ইডেন পার্ক কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার শ্যামপুর এলাকার হাবিবুর রহমানের পুত্র মো. আল আমিন(৩৭), একই এলাকার আবু বক্কর সিদ্দিকের পুত্র মো.রুবেল (২৫), ব্রাহ্মনবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার সোহাগপুর এলাকার মৃত আব্দুল কাদেরের পুত্র মো.রফিকুল ইসলাম (৪৫) ও কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার তুলাতলী এলাকার মৃত রেজাউল করিমের পুত্র মো. সুমন (৩৪)।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, একদল চোরাইচক্র চট্টগ্রাম থেকে একটি পিকআপ ভ্যানের মাধ্যমে চোরাই ডিজেল নিয়ে ঢাকা অভিমুখে রওনা হয়েছেন বলে তারা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন। এই সময় বিষয়টি সত্যতা যাচাই তারা মহাসড়কের ফৌজদারহাট এলাকায় ঢাকামুখি সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালান। তল্লাশিকালে ঢাকামুখি পিকআপ ভ্যান থামাতে সংকেত দেওয়া হয়। কিন্তু পিকআপটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পিছু ধাওয়া করে আটক করা হয়। ওসি তোফায়েল আহমেদ আরো জানান, আটক পরবর্তীতে চোরাইচক্রের সদস্যদের স্বীকারোক্তি অনুযায়ী গাড়ির ভেতরে থাকা এক হাজার লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়। পাশাপাশি পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়। আটক চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর গতকাল সোমবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।












