সীতাকুণ্ডে রিকশা গ্যারেজ থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম সজিব (৩০)। গতকাল সোমবার বিকেল আনুমানিক ৩টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের উত্তর মাহমুদাবাদ এলাকার একটি গ্যারেজ থেকে এ মরদেহটি পুলিশ উদ্ধার করে। নিহত সজিব কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন এলাকার বাসিন্দা মোঃ কাশেমের ছেলে বলে জানা গেছে। তিনি ওই গ্যারেজে মেকানিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় অবস্থিত বাবুল নামে স্থানীয় এক ব্যক্তির রিকশা গ্যারেজে কাজ করতেন। সোমবার দুপুরে মালিক বাবুলের সঙ্গে কর্মচারী সজিবের কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর গ্যারেজের ভেতরে সজিবের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। নিহতের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তাই অনেকেই ধারণা করছে, তাকে হত্যা করা হয়েছে। এদিকে সীতাকুণ্ড মডেল থানার (ওসি) মো. মাহিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি আমরা উদ্ধার করেছি। নিহতের শরীর ছিল রক্তাক্ত এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। যুবকের মরদেহটি উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানাতে পারবো।












